চাটগাঁ নিউজ ডেস্ক : একাত্তরের পরাজিত শক্তি আজও দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত বলে মন্তব্য করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। তিনি বলেন, বাংলার জনগণ ঐক্যবদ্ধ হয়ে সব ষড়যন্ত্র রুখে দেবে। স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রাম মহানগর যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সরকারের চলমান উন্নয়ন কার্যক্রম বাধাগ্রস্ত ও দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়।
মীর হেলাল বলেন, গত ১২ ফেব্রুয়ারি জনগণের প্রত্যক্ষ ভোটে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকার পরিচালনার দায়িত্ব পেয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার দেশ পুনর্গঠনে কাজ করে যাচ্ছে। পরাজিত ফ্যাসিস্ট শক্তি দেশকে অস্থিতিশীল করার রাজনীতিতে লিপ্ত রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, ‘নিষিদ্ধ সংগঠন কখনো রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারে না। আমাদের বিরোধী দল একেক সময় একেক কথা বলে। সংসদে এক রকম, সংসদের বাইরে তাদের ভিন্ন রূপ। তারাই বহুরূপী ষড়যন্ত্রে লিপ্ত।’
চট্টগ্রামের ছাত্র ও যুবসমাজের ভূমিকার কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, দেশের গুরুত্বপূর্ণ ক্রান্তিকালে চট্টগ্রামের ছাত্র-যুবসমাজ সব সময় দায়িত্বশীল ভূমিকা পালন করেছে। আগামীতেও চট্টগ্রামের মানুষ শান্তি, গণতন্ত্র, উন্নয়ন ও জাতীয় স্বার্থের পক্ষে ঐক্যবদ্ধ থাকবে।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রসঙ্গে মীর হেলাল বলেন, ‘আমরাও চাই হাসিনা দেশে আসুক। দেশের মানুষের কাছে ক্ষমা চেয়ে আদালতে আত্মসমর্পণ করুক। আদালতই তার ভাগ্য নির্ধারণ করবে।’
চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তির সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য দেন নগর বিএনপির সদস্যসচিব নাজিমুর রহমান, যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন বুলু, সদস্যসচিব জমির উদ্দিন নাহিদ, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলম ও সদস্যসচিব শরিফুল ইসলাম তুহিনসহ দলীয় নেতারা।
চাটগাঁ নিউজ/এসএ






