উখিয়ায় গৃহবধূ হত্যা: বিএনপি নেতাকর্মীসহ ১০ জনের বিরুদ্ধে মামলা

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ায় বিএনপি নেতাকর্মীদের হামলায় ছৈয়দা বেগম নামে এক নারী নিহত হওয়ার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (১৮ মে) রাত ৮টার দিকে নিহতের ছেলে আব্দুর রহমান বাদী হয়ে উখিয়া থানায় মামলাটি দায়ের করেন। মামলায় ১০ জনের নাম উল্লেখের পাশাপাশি আরও ৭ থেকে ৮ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

এর আগে শনিবার (১৬ মে) রাতে উপজেলার সদর ইউনিয়নের টাইপালং গ্রামে নিজের ছেলেকে প্রতিপক্ষের হামলা থেকে রক্ষা করতে গিয়ে ঘটনাস্থলেই নিহত হন স্থানীয় সব্বির আহমেদের স্ত্রী ছৈয়দা খাতুন (৫৫)। ঘটনার প্রায় ৪৮ ঘণ্টা পর উখিয়া থানায় মামলাটি দায়ের হয়।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহতের ছেলের দেওয়া এজাহারের ভিত্তিতে মামলা গ্রহণ করা হয়েছে। জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।

মামলার এজাহারে আসামি করা হয়েছে— উখিয়া উপজেলা বিএনপির সদস্য মিজান সিকদার, তার ছেলে ছাত্রদল নেতা হাসেম জিসান সিকদার, পূর্ব টাইপালং গ্রামের সরকারি স্বাস্থ্যসেবা বিভাগের অ্যাম্বুলেন্সচালক শামসুল আলম, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল করিম ও তার ছেলে ছাত্রদল নেতা জুলফিকার আকাশ, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ বাবুল, রাজাপালং ইউনিয়ন শ্রমিকদল (দক্ষিণ) সভাপতি সাইফুল ইসলাম সিকদার, স্থানীয় জাহাঙ্গীর আলম, জামাল উদ্দিন এবং দরগাবিল গ্রামের রফিক উদ্দিনকে।

বাদী আব্দুর রহমান বলেন, আমার মাকে আমার সামনেই হত্যা করা হয়েছে। নিরীহ কাউকে আসামি করা হয়নি। যাদের আমি নিজ চোখে দেখেছি, শুধু তাদের নামই দিয়েছি। আমার মায়ের হত্যাকারীদের বিচার না হওয়া পর্যন্ত আইনি লড়াই চালিয়ে যাব।

রবিবার (১৭ মে) দুপুরে টাইপালংয়ের একটি মাঠে ছৈয়দা খাতুনের জানাজায় বিএনপি, জামায়াত ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীসহ হাজারো মানুষ অংশ নেন।

জানাজায় উপস্থিত হয়ে উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী বলেন, অপরাধীদের কোনো আশ্রয়-প্রশ্রয় দেওয়া হবে না। যারা এ ঘটনার সঙ্গে জড়িত, তাদের দ্রুত আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে। এ বিষয়ে স্থানীয় সংসদ সদস্য ও প্রশাসনের সঙ্গে কথা হয়েছে।

জেলা জামায়াতের আমির নুর আহমদ আনোয়ারী বলেন, কোনো রাজনৈতিক পরিচয় যেন অপরাধীদের শাস্তি থেকে রেহাই দিতে না পারে। এ ঘটনায় নিরপেক্ষ তদন্ত ও দৃষ্টান্তমূলক বিচার প্রয়োজন।

এদিকে হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে রবিবার বিকেলে উখিয়া থানার সামনে টাইপালংয়ের পাঁচ শতাধিক গ্রামবাসী উখিয়া-টেকনাফ মহাসড়ক অবরোধ করেন। একইদিন কক্সবাজার শহরেও জাতীয় ছাত্রশক্তির উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

চাটগাঁ নিউজ/ইব্রাহিম/এমকেএন

Scroll to Top