উখিয়ায় খেলতে গিয়ে লেকে ডুবে প্রাণ গেল রোহিঙ্গা শিশুর

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পের অভ্যন্তরে লেকের পানিতে ডুবে মো. হাফিজ উল্লাহ (১১) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) দুপুরে ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের পানবাজার সংলগ্ন লেকে এ দুর্ঘটনা ঘটে। নিহত হাফিজ উল্লাহ ওই ক্যাম্পের বাসিন্দা মোহাম্মদ রফিকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে হাফিজ উল্লাহ নিজ বাড়ির পাশে পানবাজার এলাকার লেকের পাশে খেলাধুলা করছিল। একপর্যায়ে অসাবধানতাবশত সে লেকের গভীর পানিতে পড়ে তলিয়ে যায়। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে দ্রুত নিকটস্থ এমএসএফ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন।

রোহিঙ্গা ক্যাম্পে দায়িত্বরত ৮ এপিবিএনের অধিনায়ক রিয়াজ উদ্দিন আহমদ জানান, পানিতে পড়ে এক রোহিঙ্গা শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ সদস্যরা পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। পরে বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হয়।

চাটগাঁ নিউজ/ইব্রাহিম/এমকেএন

Scroll to Top