ঈদগাঁওয়ে ‎বন্য হাতির আক্রমনে কৃষকের মৃত্যু

সেলিম উদ্দিন (ঈদগাঁও): কক্সবাজারের ঈদগাঁওয়ে ধান পাহারাকালে বন্য হাতির আক্রমনে ছাবের আহমদ (৬৯) নামে স্থানীয় এক কৃষকের মৃত্যু হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) ভোররাতে উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের পূর্ব গজালিয়া সাতঘরিয়া পাড়ায় ঘটে এ ঘটনা।

‎জানা যায়, প্রতিদিনের মতো ধানক্ষেত পাহারা দিতে গিয়েছিলেন ছাবের আহমেদ। এসময় তিনি আগুন জ্বালিয়ে ফসল রক্ষার চেষ্টা করছিলেন। হঠাৎ একটি বন্য হাতি তাকে আক্রমণ করে। এতে তার দুই পা, হাত ও মুখে শুড় দিয়ে আঘাত করে  এবং ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান।

‎সাতঘরিয়া পাড়া মসজিদের ইমাম মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, রাতে হঠাৎ হাতির বিকট গর্জনে ঘুম ভেঙে যায়। বাইরে এসে দেখি মসজিদের পাশেই ছাবের আহমেদের নিথর দেহ পড়ে আছে। তিনি ছিলেন পরিবারের একমাত্র উপার্জনকারী। তার আয়েই সংসার চলত। এখন ঐ পরিবার  সম্পূর্ণ অসহায়।

‎স্থানীয় মেম্বার জুবায়েদ উল্লাহ্ জুয়েল মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারটি চরম দারিদ্র্যের মধ্যে বসবাস করছে। বড় ছেলে মানসিকভাবে অসুস্থ। তিনি সমাজের বিত্তবান ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি এই অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর আহবান জানান।

ফুলছড়ি রেঞ্জের ‎রাজঘাট বিট কর্মকর্তা শাহ আলম জানান, ‎সরকারিভাবে বন্য হাতির আক্রমণে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ প্রদান করা হয়। এজন্য নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে আবেদন করতে হবে।

চাটগাঁ নিউজ/জেএইচ 

Scroll to Top