আলীকদমে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের আলীকদম উপজেলায় আট বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে তার সৎ নানার বিরুদ্ধে। অভিযোগ জানার পর ক্ষুব্ধ হয়ে শিশুটির বাবা অভিযুক্তকে লোহার পাইপ দিয়ে আঘাত করেন। এতে অভিযুক্ত গুরুতর আহত হলে তাকে ও শিশুটিকে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে বিষয়টি পুলিশের নজরে আসে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার নয়াপাড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মংচাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে। অভিযুক্ত মোস্তাক আহম্মদ (৫৫) ওই এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্র ও পরিবারের অভিযোগ অনুযায়ী, শুক্রবার দুপুরে বিভিন্ন প্রলোভন দেখিয়ে শিশুটিকে নিজের ঘরে ডেকে নেন মোস্তাক আহম্মদ। সেখানে শিশুটির সঙ্গে ধর্ষণের ঘটনা ঘটে বলে অভিযোগ। পরে বিষয়টি কাউকে না বলার জন্য শিশুটিকে ১০০ টাকা দেওয়া হয় বলে পরিবারের দাবি।

শিশুটির বাবা জানান, শনিবার সকালে মেয়ের কাছে ১০০ টাকার একটি নোট দেখতে পান তিনি। টাকা কোথা থেকে পেয়েছে জানতে চাইলে একপর্যায়ে শিশু তাকে আগের দিনের ঘটনা জানায়। বিষয়টি জানার পর ক্ষুব্ধ হয়ে তিনি অভিযুক্তের বাড়িতে গিয়ে লোহার পাইপ দিয়ে তার ডান হাতে আঘাত করেন। এতে তার হাত ভেঙে গুরুতর আহত হন মোস্তাক আহম্মদ।

পরে স্বজনরা শিশুটি ও অভিযুক্তকে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে বিষয়টি পুলিশের নজরে আসে। খবর পেয়ে আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ পারভেজের নেতৃত্বে পুলিশের একটি দল হাসপাতালে গিয়ে ঘটনার বিষয়ে প্রাথমিক অনুসন্ধান শুরু করে।

আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. শফিকুল ইসলাম বলেন, শিশুটির প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। প্রাথমিক পরীক্ষার প্রতিবেদন পুলিশের কাছে পাঠানো হয়েছে।

আলীকদম থানার ওসি শাহেদ পারভেজ বলেন, ‘ভুক্তভোগীর পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ঘটনাটি অনুসন্ধান করা হচ্ছে। প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।’

চাটগাঁ নিউজ/ইলিয়াস/এমকেএন

Scroll to Top