অবৈধ বালু উত্তোলন বন্ধে কড়া নির্দেশ দিলেন এমপি হুমাম কাদের

রাঙ্গুনিয়া প্রতিনিধি: রাঙ্গুনিয়ায় টানা বর্ষণ, বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের সময় কর্ণফুলী নদীতে অবৈধ বালু উত্তোলনের দৃশ্য দেখে ক্ষোভ প্রকাশ করেছেন সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী। তিনি ঘটনাস্থলেই সংশ্লিষ্টদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ এবং অবৈধ ড্রেজার জব্দের কঠোর নির্দেশ দেন।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে রাঙ্গুনিয়া পৌরসভার আজিজনগর এলাকায় পাহাড়ধস ও ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী। পরে সরফভাটা ও শিলক ইউনিয়নের বন্যাকবলিত এলাকা পরিদর্শনে যাওয়ার পথে সরফভাটা গোডাউন ব্রিজ সংলগ্ন ভূমিরখীল এলাকায় কর্ণফুলী নদীর তীরে বালুর বড় স্তূপ এবং নদীতে একটি ড্রেজার দেখতে পান তিনি।

দৃশ্যটি দেখে তাৎক্ষণিকভাবে গাড়িবহর থামিয়ে নদীর তীরে নেমে যান এমপি হুমাম। নদীভাঙন ও পরিবেশ বিপর্যয়ের জন্য অবৈধ বালু উত্তোলনকে অন্যতম কারণ উল্লেখ করে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেন। এ সময় দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিলাল উদ্দিন আহমেদকে অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা এবং ব্যবহৃত ড্রেজার জব্দের নির্দেশ দেন।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা দ্রুত আলোচনায় আসে। অনেকেই নদী ও পরিবেশ রক্ষায় সংসদ সদস্যের তাৎক্ষণিক পদক্ষেপের প্রশংসা করেন।

পরিদর্শনকালে হুমাম কাদের চৌধুরী বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত বিভিন্ন সড়ক, সেতু, কালভার্ট এবং নদীভাঙনকবলিত এলাকা ঘুরে দেখেন। ক্ষতিগ্রস্ত অবকাঠামো দ্রুত সংস্কার এবং নদীভাঙন প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোকে নির্দেশনা দেন। পাশাপাশি সরফভাটা ও শিলক ইউনিয়নের ক্ষতিগ্রস্ত ও অসহায় পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন।

এ সময় রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হাসান, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জানা গেছে, সাম্প্রতিক বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত রাঙ্গুনিয়ার বিভিন্ন এলাকায় গত কয়েকদিন ধরেই সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী নিয়মিত পরিদর্শন করছেন। তিনি ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণের পাশাপাশি জরুরি সংস্কার কার্যক্রমও তদারকি করছেন।

চাটগাঁ নিউজ/জগলুল/এমকেএন

Scroll to Top