কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রে ২২২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি: টানা কয়েক দিনের ভারী বর্ষণে কাপ্তাই হ্রদের পানির স্তর বৃদ্ধি পাওয়ায় রাঙামাটির কাপ্তাইয়ে অবস্থিত কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন বেড়ে ২২২ মেগাওয়াটে পৌঁছেছে।

মঙ্গলবার (১৪ জুলাই) সকালে গণমাধ্যমকে এ তথ্য জানান কর্ণফুলী পানিবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান।

এর আগে একটানা বৃষ্টিতে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানির লেভেল বৃদ্ধি পাওয়ায় বিদ্যুৎ উৎপাদনকেন্দ্রের ৫টি ইউনিট গত ৭ জুলাই সন্ধ্যা থেকে একসঙ্গে চালু হয়েছে।

প্রকৌশলী মাহমুদ হাসান বলেন, টানা বৃষ্টিতে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানির লেভেল গত সপ্তাহ থেকে বাড়ছে, ফলে পানির ওপর নির্ভরশীল এই বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ৫টি ইউনিট থেকে ২২২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।

এর মধ্যে ১ নম্বর ও ২ নম্বর ইউনিট থেকে প্রতিটিতে ৪৬ মেগাওয়াট করে ৯২ মেগাওয়াট, ৩ নম্বর ইউনিট এ ৫০ মেগাওয়াট এবং ৪ ও ৫ নম্বর ইউনিট থেকে প্রতিটিতে ৪০ মেগাওয়াট করে ৮০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। ৫টি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ২৪০ মেগাওয়াট।

এদিকে কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদনকেন্দ্রের কন্ট্রোল রুমের দায়িত্বরত প্রকৌশলীরা জানান, মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত কাপ্তাই হ্রদের পানির লেভেল আছে ১০২.২৫ ফুট মিন সি লেভেল। রুলকার্ভ অনুযায়ী এসময় পানি থাকার কথা ৮৫.০৮ ফুট মিন সি লেভেল।

দায়িত্বরত প্রকৌশলীরা আরও জানান, হ্রদে পানির স্বলতায় বিগত কয়েক মাস ধরে কখনো ১টি বা ২টি ইউনিট চালু রেখে বিদ্যুৎ উৎপাদন করা হলেও গত সপ্তাহ থেকে ৫টি ইউনিট চালু করে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে।

উল্লেখ্য, কাপ্তাই লেকে পানির ধারণ ক্ষমতা ১০৮ ফুট মিন সি লেভেল।

চাটগাঁ নিউজ/ঝুলন/এমকেএন

Scroll to Top