চাটগাঁ নিউজ ডেস্ক: টেকনাফে ১৪ বছর বয়সী এক কিশোরকে অপহরণের অভিযোগ উঠেছে। অপহৃত মো. আরাফাত উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর পুরানপাড়ার বাসিন্দা আবদুল মাবুদের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার (১৭ জুলাই) সন্ধ্যায় বাড়ির পাশের পাহাড়ের পাদদেশে নিজেদের গৃহপালিত মহিষ আনতে গেলে আরাফাত নিখোঁজ হয়। এরপর থেকে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।
শনিবার (১৮ জুলাই) সকালে আরাফাতের জেঠা ও সাবেক ইউপি সদস্য হোছন আহমদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, পরিবারের ধারণা পাহাড়ে অবস্থানকারী সশস্ত্র দুর্বৃত্তরা আরাফাতকে অপহরণ করেছে।
অপহৃতের বাবা আবদুল মাবুদ অভিযোগ করেন, শনিবার সকালে একটি অপরিচিত নম্বর থেকে ফোন করে তার ছেলেকে ছাড়িয়ে নিতে ১২ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। তিনি বলেন, আমি একজন সাধারণ মানুষ। এত টাকা দেওয়ার সামর্থ্য আমার নেই। আমার ছেলেকে জীবিত ফিরিয়ে আনতে আইনশৃঙ্খলা বাহিনীর জরুরি সহযোগিতা কামনা করছি।
এদিকে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, কিশোর নিখোঁজ ও অপহরণের অভিযোগ পাওয়ার পর পুলিশ তাকে উদ্ধারে অভিযান শুরু করেছে। তবে মুক্তিপণ দাবির বিষয়টি এখনও আনুষ্ঠানিকভাবে পুলিশের কাছে নিশ্চিত হয়নি বলে তিনি জানান।
পুলিশ জানিয়েছে, কিশোরকে দ্রুত উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে অভিযান অব্যাহত রয়েছে।
চাটগাঁ নিউজ/এমকেএন





