ঢাকা-চট্টগ্রাম রুটে বুলেট ট্রেনে বিনিয়োগ করতে আগ্রহী চীন

চাটগাঁ নিউজ ডেস্ক: বাংলাদেশে উচ্চগতির রেল যোগাযোগ চালুর সম্ভাবনা নিয়ে নতুন করে আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি জানিয়েছেন, ভবিষ্যতে ঢাকা-চট্টগ্রামসহ দেশের গুরুত্বপূর্ণ রুটগুলোতে দ্রুতগতির বুলেট ট্রেন চালুর সুযোগ সৃষ্টি হতে পারে এবং এ খাতে বিনিয়োগে আগ্রহী চীন।

আজ শনিবার (১৮ জুলাই) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ‘বাংলাদেশ-চীন মৈত্রী সমিতি’ আয়োজিত এক সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, বর্তমানে বাংলাদেশ ও চীনের দ্বিপাক্ষিক সম্পর্ক ইতিহাসের অন্যতম শক্তিশালী পর্যায়ে রয়েছে। সাম্প্রতিক উচ্চপর্যায়ের সফর দুই দেশের কৌশলগত অংশীদারিত্বকে আরও গভীর করেছে। উন্নয়ন, বাণিজ্য, যোগাযোগ ব্যবস্থা এবং আঞ্চলিক স্থিতিশীলতায় বাংলাদেশকে দীর্ঘমেয়াদি সহযোগিতা দিতে চীন প্রতিশ্রুতিবদ্ধ বলেও উল্লেখ করেন তিনি।

বুলেট ট্রেন প্রকল্প প্রসঙ্গে তিনি জানান, বাংলাদেশ-চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডোরের আওতায় কাজ এগিয়ে চলছে এবং চীনের উন্নত উচ্চগতির রেল প্রযুক্তি বাংলাদেশে আনার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।

তিস্তা মহাপরিকল্পনা নিয়েও আশাবাদ ব্যক্ত করে ইয়াও ওয়েন বলেন, প্রকল্পটির সম্ভাব্যতা যাচাই দ্রুত এগোচ্ছে এবং প্রয়োজনীয় কারিগরি ও আর্থিক সহায়তা দিতে বেইজিং প্রস্তুত রয়েছে। এই প্রকল্প বাস্তবায়িত হলে উত্তরাঞ্চলের পানি ব্যবস্থাপনা, কৃষি উৎপাদন ও পরিবেশে ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এছাড়া কৃষিপণ্য রপ্তানির ক্ষেত্রে নতুন সম্ভাবনার কথা তুলে ধরে রাষ্ট্রদূত জানান, সাম্প্রতিক উচ্চপর্যায়ের সফরে বাংলাদেশের তাজা কাঁঠাল চীনে রপ্তানির জন্য একটি গুরুত্বপূর্ণ চুক্তি হয়েছে। এর ফলে আমের পর কাঁঠালও চীনের বিশাল বাজারে প্রবেশের সুযোগ পাবে, যা দেশের কৃষি অর্থনীতিকে আরও গতিশীল করবে।

রোহিঙ্গা প্রত্যাবাসন প্রসঙ্গে তিনি বলেন, মিয়ানমারের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সংলাপের মাধ্যমে টেকসই সমাধান খুঁজে বের করতে চীন মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা অব্যাহত রাখবে।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top