রাঙ্গুনিয়ায় ইট বোঝাই ট্রাকসহ বেইলি সেতু ধস, ভোগান্তিতে যাত্রীরা

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার রানিরহাট-কাউখালী সড়কের সাহেবনগর এলাকায় একটি বেইলি সেতু অতিরিক্ত ওজনের ইটবোঝাই ট্রাক পারাপারের সময় ধসে পড়েছে। এতে গুরুত্বপূর্ণ এ সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায় এবং সড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে ব্যাপক ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকেরা।

শনিবার (১৮ জুলাই) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ধারণক্ষমতার বেশি ওজন বহনকারী একটি ইটবোঝাই ট্রাক সেতুর মাঝামাঝি পৌঁছালে হঠাৎ বিকট শব্দে স্টিলের কাঠামোর একটি অংশ ভেঙে পড়ে। এতে ট্রাকটি সেতুর ওপর আটকে যায় এবং সঙ্গে সঙ্গে সড়কটিতে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

রানিরহাট-কাউখালী সড়কটি রাঙ্গুনিয়া ও পার্শ্ববর্তী কাউখালী উপজেলার মানুষের চলাচলের অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগপথ। সেতু ধসের পর বিকল্প সড়ক না থাকায় উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। জরুরি প্রয়োজনে যাতায়াতকারী সাধারণ মানুষ, পরিবহন চালক ও যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।

রাঙামাটি সড়ক ও জনপদ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী রনেন চাকমা জানান, স্টিলের বেইলি সেতুটি এক সপ্তাহ আগে মেরামত করা হয়েছিল। তবে পাঁচ টনের বেশি ওজনের যানবাহন চলাচল নিষিদ্ধ থাকলেও কিছু চালক সেই নির্দেশনা অমান্য করায় এ ধরনের দুর্ঘটনা বারবার ঘটছে।

তিনি আরও জানান, খবর পেয়ে সড়ক বিভাগের একটি দল ঘটনাস্থলে পৌঁছে ক্ষতিগ্রস্ত সেতু মেরামতের কাজ শুরু করেছে। সবকিছু ঠিক থাকলে আগামীকালের মধ্যেই সেতুটি পুনরায় যান চলাচলের উপযোগী করা সম্ভব হবে বলে আশা করছেন তারা।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top