মিরসরাইয়ে পুকুরঘাটের নিচে আটকে এক কিশোরের মৃত্যু

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের মিরসরাই উপজেলার একটি পুকুরে গোসল করতে নেমে শোয়াইব হোসাইন (১৬) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

আজ শনিবার (১৮ জুলাই) দুপুরে উপজেলার মায়ানী ইউনিয়নে পূর্ব মায়ানী কাজিরহাট এলাকার খন্দকার বাড়ির পুকুরে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত শোয়াইব হোসাইন ওই এলাকার মোল্লাপাড়া হক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তাসলিমা খানম ও মোফাজ্জল হোসেন দম্পতির বড় ছেলে। তিনি স্থানীয় মাজেদা হক উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র বলে জানা গেছে।

স্থানীয় বাসিন্দা শেখ ফরিদ জানান, দুপুরে দুই বন্ধুর সঙ্গে গোসল করতে পুকুরে নামে শোয়াইব। একপর্যায়ে তারা পুকুরঘাটের এক পাশ থেকে ডুব দিয়ে অন্য পাশ দিয়ে ওঠার চেষ্টা করে। এ সময় দুই বন্ধু নিরাপদে উঠতে পারলেও শোয়াইব পুকুরঘাটের নিচে আটকে যায়। বিষয়টি প্রথমে তার বন্ধুরা বুঝতে পারেনি।

পরে শোয়াইব বাড়ি ফিরে না আসায় দুই বন্ধু আবার পুকুরে গিয়ে খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে পুকুরঘাটের নিচে আটকে থাকা অবস্থায় তাকে উদ্ধার করা হয়।

পরে তাকে দ্রুত বড়তাকিয়া রেডিয়েন্স হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বড়তাকিয়া রেডিয়েন্স হাসপাতালের চিকিৎসক ডা. কামরুল হাসান জানান, হাসপাতালে আনার আগেই শোয়াইবের মৃত্যু হয়েছিল। পরবর্তীতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্নের জন্য মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top