চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় বাড়ি ফেরার পথে টিটু চক্রবর্তী (৩১) নামে এক গ্রাম পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। দুর্বৃত্তদের মারধরে তিনি মাথায় গুরুতর আঘাত পান।
শনিবার (১৮ জুলাই) এ ঘটনায় অজ্ঞাত তিনজনকে আসামি করে বোয়ালখালী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি।
আহত টিটু চক্রবর্তী উপজেলার পোপাদিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পুলিন অধিকারীর বাড়ির উত্তম চক্রবর্তীর ছেলে। তিনি একই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে গ্রাম পুলিশ (চৌকিদার) হিসেবে দায়িত্ব পালন করছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৬ জুলাই রাত সাড়ে ১১টার দিকে সাইকেলে করে বাড়ি ফিরছিলেন টিটু। পথে পোপাদিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কালীমন্দির এলাকার কাছে পৌঁছালে এক ব্যক্তি তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। পরে আরও দুই ব্যক্তি যোগ দিয়ে তাকে এলোপাতাড়ি মারধর করে। এতে তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে।
ভুক্তভোগীর দাবি, হামলার একপর্যায়ে দুর্বৃত্তরা তার সাইকেল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। পরে প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ঘটনার পর থেকে তিনি নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কিত বলে জানিয়েছেন।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, গ্রাম পুলিশের ওপর হামলার ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
চাটগাঁ নিউজ/এমকেএন






