চাটগাঁ নিউজ ডেস্ক : যমুনা নদীতে একসঙ্গে ঝাঁপ দিতে গিয়ে প্রেমিকার সামনে নদীতে ঝাঁপিয়ে পড়েন এক যুবক। তিনি নদীতে ঝাঁপ দেয়ার পরপরই সঙ্গে থাকা তার প্রেমিকা ঘটনাস্থল ছেড়ে চলে যান। পরে পুলিশ ও স্থানীয় ডুবুরিদের যৌথ অভিযানে ওই যুবককে জীবিত উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (১৬ জুলাই) ভারতের উত্তর প্রদেশের প্রয়াগরাজের নিউ যমুনা সেতুতে এ ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া যুবকের নাম আনু গুপ্তা। প্রত্যক্ষদর্শীদের মতে, ওই যুবক ও তরুণী আত্মহত্যার উদ্দেশ্যে সেতুতে এসেছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। কিন্তু আনু গুপ্তা নদীতে ঝাঁপ দেয়ার পর তরুণী সেখান থেকে চলে যান।
ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়, খবর পেয়ে পুলিশ ও স্থানীয় ডুবুরিরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। দীর্ঘ চেষ্টার পর আনু গুপ্তাকে নদী থেকে জীবিত উদ্ধার করা হয়। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। বর্তমানে তিনি নিরাপদ আছেন বলে জানিয়েছে পুলিশ।
ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। একই সঙ্গে যুবকের সঙ্গে থাকা ওই তরুণীকে শনাক্ত ও খুঁজে বের করার চেষ্টা চলছে। তদন্তের ফলাফলের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
চাটগাঁ নিউজ/এসএ





