বোয়ালখালীর লবণ কারখানায় আগুনে দগ্ধ ২ শ্রমিকের মৃত্যু

বোয়ালখালী  প্রতিনিধি: চট্টগ্রামের বোয়ালখালীতে কনফিডেন্স লবণ কারখানায় অগ্নিদগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মো. দিদারুল আলম (৩২) ও নুরুল আলম (৩৫) নামে দুই  শ্রমিকের মৃত্যু হয়েছে। আহতদের মধ্যে ৩ জনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন  এন্ড প্ল্যাষ্টিক সার্জারী ইউনিটে তাদের মৃত্যু হয়।

নিহত দিদার বোয়ালখালী উপজেলার পৌরসভার ৮ নং ওয়ার্ডের বদন আলী তালুকদার বাড়ির রুহুল আমিনের ছেলে। আর নুরুল আলম পটিয়া উপজেলা হুলাইন এলাকার ইয়াছিন আউলিয়া মাজার বাড়ির মৃত সিরাজুল ইসলামের ছেলে।

জানা গেছে, বৃহস্পতিবার সকাল ১১টার দিকে বোয়ালখালী পৌরসভার পশ্চিম গোমদণ্ডী এলাকার কনফিডেন্স সল্ট কোম্পানির কারখানায় শ্রমিকেরা কাজ করার সময় হঠাৎ বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এতে ১০ শ্রমিক দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের সহকারী রেজিস্ট্রার লিটন কুমরা পালিত জানান, রাত সাড়ে ৮টার দিকে নুরুল আলম ও ৯টার দিকে দিদারুল আলম নামে আহত দুজনের মৃত্যু হয়েছে। আরও তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন বলেন, কারখানার জেনারেটর মেরামতের সময় ওয়েল্ডিংয়ের আগুন সূত্রে দুইটি এসি বিস্ফোরণ হয়ে এই দুর্ঘটনাটি ঘটে বলে জানতে পেরেছি।

চাটগাঁ নিউজ/ইয়াসিন/জেএইচ

Scroll to Top