ফটিকছড়িতে হরতালের প্রতিবাদে বিক্ষোভ

চাটগাঁ নিউজ ডেস্ক : ফটিকছড়ি উত্তর উপজেলার সদ্য ঘোষিত সদর দপ্তরকে কেন্দ্র করে কথিত ষড়যন্ত্র এবং হরতালের নামে জনদুর্ভোগ সৃষ্টির প্রতিবাদে র‍্যালি ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে কাজিরহাট বাজারে আয়োজিত এ সমাবেশে হারুয়ালছড়ি, ভূজপুর ও নারায়ণহাট ইউনিয়নের মানুষ অংশ নেন।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, উপজেলা সদর দপ্তর অন্যত্র স্থানান্তরের অযৌক্তিক দাবির আড়ালে পলাতক আওয়ামী লীগ নেতাদের অর্থায়নে সরকারের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম নিকারের সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নিয়ে হরতালের নামে নৈরাজ্য সৃষ্টি করা হয়েছে।

তাদের দাবি, এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে সংশ্লিষ্টরা প্রমাণ করেছে যে, তাদের মূল উদ্দেশ্য উপজেলা সদর প্রতিষ্ঠা নয়; বরং পরাজিত রাজনৈতিক শক্তিকে পুনর্বাসনের চেষ্টা করা।

বক্তারা বলেন, আইন ও রাষ্ট্রীয় সিদ্ধান্তের প্রতি অসম্মান দেখিয়ে কোনো ধরনের কর্মসূচি গ্রহণ করা হলে প্রশাসনের সহযোগিতায় তা কঠোরভাবে প্রতিহত করা হবে। একই সঙ্গে হরতালে নৈরাজ্যের ঘটনায় আওয়ামী লীগ ও যুবলীগের সম্পৃক্ততার অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা।

পাশাপাশি দ্রুত ফটিকছড়ি উত্তর উপজেলা কমপ্লেক্স নির্মাণকাজ শুরু করার দাবিও জানান।

মুহাম্মদ তারেকুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন মাওলানা জুনায়েদ বিন জালাল, ভূজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান চৌধুরী শিপন, মাহবুবুল আলম আজাদ, মাওলানা শাশুল আলম, মুফতি মামুন বশর ভূঁইয়া, ডা. আবুল কালাম রুবেল, জহির উদ্দিন বাবর, মাওলানা এমদাদ হাসান, মাওলানা আবু তালেব, মাওলানা নিজাম উদ্দিন, মাওলানা আজগর সালেহী, শেখ ইব্রাহিম মেম্বার, মাওলানা মুহিবুল্লাহ আমিনী, মাওলানা হাবিবুল্লাহ দিদু, মুহাম্মদ বখতিয়ার তালুকদার, মুহাম্মদ মুনছুর চৌধুরী, মোহাম্মদ আমান উল্লাহ, মো. ফয়েজ, জয়নাল, আরিফ, বক্কর, জামাল উদ্দিন, মাওলানা করিম, হানিফ সরদার, বাহার সরদার, মোজাহের মিয়া, জয়নাল আজহার, আবদুল হালিম বাচ্চু, ইসমাঈল, শহিদুল আলম শহীদ, মীর নেজাম উদ্দিন, মোহাম্মদ মোনাফ, হাকিম রিজোয়ান বাদশা ও কাসেম প্রমুখ।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top