মাহফিলের হাদিয়া পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের দিলেন মাওলানা জয়নুল আবেদীন

রাঙ্গুনিয়া প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইছাখালী আদর্শ গ্রামে পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়ে ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা জয়নুল আবেদীন কাদেরী।

বুধবার (১৫ জুলাই) রাঙ্গুনিয়ায় অনুষ্ঠিত একটি মাহফিলে বক্তব্য শেষে আয়োজকদের দেওয়া সম্পূর্ণ হাদিয়া তিনি পাহাড়ধসে নিহতদের পরিবার ও ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় দান করেন। মাহফিলের মঞ্চ থেকেই তিনি ক্ষতিগ্রস্তদের হাতে নগদ ২০ হাজার টাকা তুলে দেন।

এ সময় তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, দুর্যোগের সময় অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও ধর্মীয় দায়িত্ব। সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিরা এগিয়ে এলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে পারবে।

মাহফিলের মঞ্চে নিজের প্রাপ্ত সম্পূর্ণ হাদিয়া জনকল্যাণে দান করার এ উদ্যোগ উপস্থিত মুসল্লি ও স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। অনেকেই এটিকে মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতার উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেছেন।

উল্লেখ্য, এর আগেও দক্ষিণ চট্টগ্রামের বন্যা ও জলাবদ্ধতাকবলিত বিভিন্ন এলাকায় মাওলানা জয়নুল আবেদীন কাদেরী ত্রাণ ও মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করেছেন। দুর্যোগকবলিত মানুষের পাশে তাঁর ধারাবাহিক উপস্থিতি স্থানীয়দের প্রশংসা কুড়িয়েছে।

চাটগাঁ নিউজ/জগলুল/এমকেএন

Scroll to Top