চাটগাঁ নিউজ ডেস্ক : হেফাজতের জেলা ও উপজেলা শাখাসহ সংশ্লিষ্ট সকলকে বন্যাকবলিত এলাকায় ত্রাণ বিতরণ, দুর্গত মানুষের সহযোগিতা এবং পুনর্বাসনে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়ে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আলেমেদ্বীন আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেছেন, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের মানবিক, সামাজিক ও ঈমানি দায়িত্ব।
একইসঙ্গে তিনি কওমি ঘরানার ইসলামী দলগুলোর মধ্যে বৃহত্তর ঐক্য গড়ে তুলে ইসলামের খেদমত ও জাতীয় স্বার্থে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১০টায় ফটিকছড়ি উপজেলার জামেয়া আজিজুল উলুম বাবুনগর মাদরাসায় হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর আহ্বানে কওমি ঘরানার সাতটি ইসলামী দলের নেতৃবৃন্দের মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
বৈঠকে ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, খেলাফত আন্দোলন, ইসলামী ঐক্যজোট ও নেজামে ইসলাম পার্টির প্রতিনিধিরা অংশ নেন।
তারা ইসলামী দলের নেতৃবৃন্দ ভবিষ্যতে ঐক্যবদ্ধভাবে ইসলামের খেদমত, দ্বীনি স্বার্থ সংরক্ষণ এবং জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে সমন্বিত ভূমিকা পালনের বিষয়ে সর্বসম্মতিক্রমে ঐকমত্য প্রকাশ করেন।
বৈঠকে সাম্প্রতিক বন্যায় সাতকানিয়া, বাঁশখালী, চকরিয়া, হবিগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় বহু পরিবার ক্ষতিগ্রস্ত হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়।
নেতৃবৃন্দ বলেন, অসংখ্য মানুষ ঘরবাড়ি, খাদ্যসামগ্রী ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন। তাই ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে সরকারি উদ্যোগের পাশাপাশি সমাজের বিত্তবান ব্যক্তি, ইসলামি সংগঠন ও সর্বস্তরের জনগণকে এগিয়ে আসতে হবে।
আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলামের সিনিয়র নায়েবে আমির ও দারুল উলুম হাটহাজারীর মহাপরিচালক আল্লামা মুফতি খলীল আহমদ কাসেমী, নায়েবে আমির আল্লামা আব্দুল হামিদ (পীর সাহেব মধুপুর), মাওলানা সালাউদ্দিন নানুপুরী, মুফতি জসিম উদ্দিন, মাওলানা সাজিদুর রহমান, মাওলানা আব্দুল আওয়াল, মাওলানা মাহফুজুল হক, মাওলানা মহিউদ্দিন রাব্বানী, মাওলানা আইয়ুব বাবুনগরী, জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা উবাইদুল্লাহ ফারুক ও সহসভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত আমির মাওলানা আব্দুল কাইয়ুম সোবহানী, ইসলামী ঐক্য জোটের চেয়ারম্যান মাওলানা আব্দুল কাদের, খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।
এছাড়া বৈঠকে মাওলানা আলী ওসমান, মাওলানা আহমদ আলী কাসেমী, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মুফতি সাখাওয়াত হোসেন রাজী, মাওলানা মুসা বিন ইজহার, মাওলানা মুজিবুর রহমান হামিদী, মাওলানা মীর ইদ্রিস, মাওলানা মুখলিসুর রহমান কাসেমী, মাওলানা আতাউল্লাহ আমীন, মুফতি বশিরুল্লাহ, মাওলানা রেজাউল করিম আবরার, মাওলানা মোস্তফা কামাল জিহাদী, মাওলানা ইমরান সিকদার, মাওলানা ফারুক আহমদ ভূঁইয়াসহ বিভিন্ন পর্যায়ের আলেম-ওলামা উপস্থিত ছিলেন।
চাটগাঁ নিউজ/এসএ





