অস্ত্রসহ আটক যুবদল নেতা বহিষ্কার

চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রামের লোহাগাড়ায় অস্ত্রসহ আটকের ঘটনায় কক্সবাজারের মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়ন যুবদলের গণশিক্ষা বিষয়ক সম্পাদক আয়াত উল্লাহ হুমাইনীকে দল থেকে বহিষ্কার করেছে জেলা যুবদল।

বুধবার (১৫ জুলাই) রাতে জেলা যুবদলের সহ-দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম মিয়াজী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৪ জুলাই লোহাগাড়ায় অস্ত্রসহ আটক হওয়ার ঘটনায় সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আয়াত উল্লাহ হুমাইনীকে বদরখালী ইউনিয়ন যুবদলের গণশিক্ষা বিষয়ক সম্পাদক পদসহ প্রাথমিক সদস্য ও দলীয় সব কর্মকাণ্ড থেকে বহিষ্কার করা হয়েছে।

এ সিদ্ধান্ত জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট সৈয়দ আহমদ উজ্জ্বল এবং সাধারণ সম্পাদক জিসান উদ্দিন জিসানের নির্দেশনায় কার্যকর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

উল্লেখ্য, মঙ্গলবার (১৪ জুলাই) সকালে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের লোহাগাড়া এলাকায় একটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে দুটি দেশীয় অস্ত্রসহ আয়াত উল্লাহ ও তার এক সহযোগীকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা নথিভুক্ত করে আদালতে প্রেরণ করে।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top