রাঙ্গুনিয়া প্রতিনিধি: জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী।
তিনি জানান, আন্দোলনে বীরত্বপূর্ণ অবদান রাখা শহীদদের স্মৃতি সংরক্ষণে রাঙ্গুনিয়ায় একটি বিশেষ মেমোরিয়াল ও মেমোরিয়াল সাইট নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে রাঙ্গুনিয়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে এমপি হুমাম কাদের চৌধুরী বলেন, জুলাই আন্দোলনের মধ্য দিয়ে একটি নতুন বাংলাদেশ ও নতুন রাঙ্গুনিয়া গড়ে উঠবে। আগামীতে আরও বড় পরিসরে জাতীয়ভাবে এই দিবসটি পালন করা হবে।
তিনি জুলাই যোদ্ধাদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আগামী দিনে আমাদের করণীয় ও পথচলা কেমন হওয়া উচিত, সে বিষয়ে জুলাই যোদ্ধারা আমাদের দিকনির্দেশনা ও পরামর্শ দেবেন। আমরা বীর যোদ্ধাদের একটি পূর্ণাঙ্গ তালিকা তৈরির কাজ করছি। তালিকা সম্পন্ন হলেই শহীদদের স্মরণে এই মেমোরিয়াল নির্মাণ করা হবে।
হুমাম কাদের চৌধুরী আরও বলেন, জুলাই আন্দোলনের মূল চেতনাই ছিল বৈষম্যহীনতা। সেই চেতনাকে ধারণ করে একটি গণতান্ত্রিক ও উন্নত সমাজ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শহীদদের বীরত্বগাথা ভবিষ্যৎ প্রজন্মের কাছে সঠিকভাবে তুলে ধরতে সরকার সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় জুলাই আন্দোলনের স্থানীয় যোদ্ধা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা বক্তব্য রাখেন।
সভার শুরুতে জুলাই আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
চাটগাঁ নিউজ/জগলুল/এমকেএন





