ফটিকছড়ি প্রতিনিধি: চট্টগ্রামের নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে বৃহস্পতিবার সকাল থেকে হরতাল পালন করেছেন আন্দোলনকারীরা।
হরতালের অংশ হিসেবে নারায়ণহাট, দাঁতমারা ইউনিয়নের গহিরা-হেঁয়াকো সড়ক এবং হেঁয়াকো-খাগড়াছড়ি সড়কের অন্তত ১২ থেকে ২০টি স্থানে গাছ, বাঁশ, চেয়ার-টেবিলসহ বিভিন্ন প্রতিবন্ধকতা সৃষ্টি করে সড়ক অবরোধ করা হয়। এছাড়া কয়েকটি স্থানে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন আন্দোলনকারীরা।
হরতালের কারণে সড়কে যানবাহন চলাচল তুলনামূলকভাবে কম ছিল। বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল, সড়ক অবরোধ ও প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। দাবির প্রতি সংহতি জানিয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ কর্মসূচিতে অংশ নেন।
আন্দোলনকারীরা দীর্ঘদিনের দাবির পর ফটিকছড়ি উত্তর উপজেলা বাস্তবায়ন করায় তারা সরকারকে ধন্যবাদ জানান। তবে তারা দাবি করেন, উপজেলা সদর দপ্তর অবশ্যই জনস্বার্থ ও ভৌগোলিক বাস্তবতা বিবেচনায় এমন স্থানে স্থাপন করতে হবে, যা সব ইউনিয়নের মানুষের জন্য সহজে যাতায়াতযোগ্য হবে।
তাদের দাবি, সাধারণ মানুষের ভোগান্তি কমিয়ে প্রশাসনিক সেবা সহজলভ্য করতে সদর দপ্তর যৌক্তিক স্থানে স্থাপন করা জরুরি। এ দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত হরতালসহ ধারাবাহিক শান্তিপূর্ণ কর্মসূচি অব্যাহত থাকবে বলেও ঘোষণা দেন আন্দোলনকারীরা।
চাটগাঁ নিউজ/ফরিদ/এমকেএন/এসএ





