পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রতিমন্ত্রী ইশরাক

নিউজ ডেস্ক: জুলাই আন্দোলনে চট্টগ্রামের প্রথম শহীদ হিসেবে পরিচিত পেকুয়ার ওয়াসিম আকরামের কবর জিয়ারত করেছেন মুক্তিযোদ্ধা বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। এ সময় তিনি শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং পরিবারের খোঁজখবর নেন।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে পেকুয়া উপজেলার মেহেরনামা ইউনিয়নের মোরারপাড়া এলাকায় ওয়াসিম আকরামের কবর জিয়ারত করেন প্রতিমন্ত্রী। পরে কবরের পাশে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। একই সঙ্গে শহীদ ওয়াসিমের বাবা শফিউল আলমের হাতে আর্থিক সহায়তা তুলে দেন তিনি।

এ সময় ইশরাক হোসেন বলেন, জুলাই আন্দোলনে দেশের স্বার্থে যারা জীবন উৎসর্গ করেছেন, তাদের আত্মত্যাগ জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। দেশের ইতিহাসে তাদের অবদান অম্লান হয়ে থাকবে এবং ভবিষ্যৎ প্রজন্মও তাদের ত্যাগের কথা মনে রাখবে। তিনি শহীদ ওয়াসিমের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন।

কবর জিয়ারতকালে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন, পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) এ এস এম নুরুল আখতার নিলয়, পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান, শহীদ ওয়াসিমের পিতা শফিউল আলম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাইমুর রহমান হৃদয়, হিরণ সরওয়ারসহ স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতাকর্মীরা।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top