চট্টগ্রামে ‘আমরা জুলাই যোদ্ধা’র পরিচিতি ও প্রথম কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত

চাটগাঁ নিউজ ডেস্ক: জুলাই গণঅভ্যুত্থানে আহতদের কল্যাণে কাজ করার দৃঢ় প্রত্যয় নিয়ে ‘আমরা জুলাই যোদ্ধা’ চট্টগ্রাম জেলা কমিটির পরিচিতি সভা ও প্রথম কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল ৫টায় কাজীর দেউড়ির নাসিমন ভবনে অবস্থিত চট্টগ্রাম মহানগর বিএনপির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের চট্টগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম আবিরের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন জেলা সভাপতি ওমর ফারুক সাগর।

সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানে আহতদের দ্রুত চিকিৎসাসেবা নিশ্চিতকরণ, পুনর্বাসন এবং সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

সভাপতির বক্তব্যে ওমর ফারুক সাগর বলেন, সকল জুলাই যোদ্ধাকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়াই তাঁদের মূল লক্ষ্য। ঐক্য, দায়িত্ববোধ ও ইতিবাচক উদ্যোগের মাধ্যমে একটি সুন্দর আগামী বিনির্মাণ এবং সংগঠনের আদর্শ সমুন্নত রাখতে তাঁরা কাজ করে যাবেন।

সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম আবির বলেন, ঐক্য, শৃঙ্খলা ও পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে সংগঠনকে আরও শক্তিশালী করা হবে। সম্মিলিত প্রচেষ্টা, স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে জুলাই যোদ্ধাদের ন্যায্য অধিকার, মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করতে সংগঠন কার্যকর ভূমিকা পালন করবে।

সভায় ১ নম্বর সহ-সভাপতি আরিফুল ইসলাম বলেন, জুলাই যোদ্ধাদের ঐক্যবদ্ধ করে আগামী দিনে আহতদের ও শহীদ পরিবারের জন্য কাজ করে যাওয়াই সংগঠনের প্রধান লক্ষ্য।

চট্টগ্রাম মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল সাহেদ বলেন, এই সংগঠন চট্টগ্রামের সব জুলাই আহতদের চিকিৎসা, অধিকার ও সার্বিক কল্যাণে নিরলসভাবে কাজ করবে এবং আহত জুলাই যোদ্ধাদের প্রাণের সংগঠন হিসেবে সব সময় তাদের পাশে থাকবে।

এদিকে, জুলাই আহতদের চিকিৎসাসংক্রান্ত বিভিন্ন জটিলতা, দীর্ঘসূত্রতা, ওষুধ ও পরীক্ষা-নিরীক্ষার ব্যয় এবং প্রশাসনিক সমন্বয়ের অভাবের বিষয়গুলো তুলে ধরেন চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম। এসব সমস্যা সমাধানে চিকিৎসাসংক্রান্ত সব ধরনের সহায়তা সমন্বিতভাবে নিশ্চিত করতে তিনি একটি বিশেষ ‘মেডিক্যাল সেল’ গঠনের প্রস্তাব দেন।

সভায় উপস্থিত সদস্যদের উন্মুক্ত মতামত ও আলোচনার ভিত্তিতে সর্বসম্মতিক্রমে ছয়টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। এর মধ্যে জুলাই আহত যোদ্ধাদের চিকিৎসাসেবা নিশ্চিতকরণ, পুনর্বাসন কার্যক্রম জোরদার, ‘জুলাই কর্নার’ স্থাপন, জুলাই বর্ষ উদযাপন এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে জুলাই যোদ্ধাদের সমন্বয় সভা আয়োজনের বিষয়গুলো বিশেষ গুরুত্ব পায়।

দপ্তর সম্পাদক রিদুয়ান সিদ্দিকী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সভায় আরও বক্তব্য রাখেন সহ-সভাপতি মো. মেহেদী হাসান সুজন, সহ-সভাপতি মিনার হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোহিত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সুমন, চট্টগ্রাম উত্তর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. মারুফ, অর্থ সম্পাদক মো. সোহেল, সহ-অর্থবিষয়ক সম্পাদক মুহাম্মদ আব্দুল নাঈম, ধর্মবিষয়ক সম্পাদক মো. ওসমান কাসেমী, সহ-তথ্য ও যোগাযোগবিষয়ক সম্পাদক মো. শাহরিয়া এবং সহ-নারীবিষয়ক সম্পাদক ফাতেমা তুজ জোহরা।

সভায় উপস্থিত নেতৃবৃন্দ জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে আহতদের পাশে থাকার, তাঁদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার এবং সংগঠনের শৃঙ্খলা বজায় রেখে ভবিষ্যৎ কার্যক্রম এগিয়ে নেওয়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top