ফটিকছড়িতে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ হামলা, ভাঙচুর-লুটপাট

ফটিকছড়ি প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সমিতিরহাট ইউনিয়নে এক প্রবাসীর বাড়িতে সশস্ত্র হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে।

বুধবার (১৫ জুলাই) ভোরে ইউনিয়নের ছাদেক নগর গ্রামের মোয়াজ্জেম কাজীর বাড়িতে এ ঘটনা ঘটে। হামলার সময় ঘরের ভেতরে থাকা নারীরা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোর প্রায় ৫টার দিকে ৪০ থেকে ৫০ জনের একটি সংঘবদ্ধ দল বাড়িটিতে হামলা চালায়। হামলাকারীদের অধিকাংশের মাথায় হেলমেট ছিল এবং কয়েকজনের মুখ খোলা ছিল। তারা প্রথমেই আশপাশের কয়েকটি ঘরে বাইরে থেকে তালা লাগিয়ে দেয়, যাতে কেউ এগিয়ে এসে বাধা দিতে না পারে।

অভিযোগ রয়েছে, এরপর হামলাকারীরা গ্রাইন্ডার মেশিন ব্যবহার করে দুবাইপ্রবাসী রিদুয়ানের বসতঘরের দরজা ও জানালা কেটে ভেতরে প্রবেশ করে। এ সময় ঘরে থাকা রিদুয়ানের মা রেনু আকতার ও স্ত্রী বাধা দেওয়ার চেষ্টা করলে তাদের ভয়ভীতি দেখানো হয় এবং ব্যবহৃত মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়। প্রাণভয়ে তারা পাশের একটি কক্ষে আশ্রয় নিয়ে সেখান থেকে কৌশলে ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশের সহায়তা চান।

ভুক্তভোগী রেনু আকতার অভিযোগ করেন, সন্ত্রাসীরা আলমারি ভেঙে নগদ অর্থ, স্বর্ণালঙ্কারসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। পাশাপাশি ঘরের বিভিন্ন অংশে ব্যাপক ভাঙচুর চালানো হয়।

ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ভুক্তভোগী পরিবার জানিয়েছে, তারা এ ঘটনায় থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বলেন, ৯৯৯ থেকে খবর পাওয়ার পরপরই পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে অবরুদ্ধ নারীদের উদ্ধার করে। তিনি জানান, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং লিখিত অভিযোগ পাওয়ার পর জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

চাটগাঁ নিউজ/ফরিদ/এমকেএন

Scroll to Top