পেকুয়ায় মোটরসাইকেল থেকে ছিটকে প্রাণ গেল যুবকের

চাটগাঁ নিউজ ডেস্ক: কক্সবাজারের পেকুয়া উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়ে মো. মানিক উদ্দিন নাহিদ (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা হেলাল উদ্দিন নামে অপর এক যুবক আহত হয়েছেন।

মঙ্গলবার (১৪ জুলাই) রাত প্রায় ১১টার দিকে পেকুয়া পৌরসভার এবিসি আঞ্চলিক মহাসড়কের হরিণাফাড়ি রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাহিদ উপজেলার টৈটং ইউনিয়নের সোনাইছড়ি নতুনপাড়া এলাকার মোক্তার আহমদের ছেলে। তিনি পেকুয়া বাজারের একটি জেনারেল হাসপাতালের ফার্মেসিতে দায়িত্ব পালন করতেন।

স্থানীয় সূত্র জানায়, রাতে পেকুয়া বাজার থেকে নন্দীরপাড়া যাওয়ার পথে মোটরসাইকেলটির চালক নিয়ন্ত্রণ হারালে নাহিদ সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় ভোররাতে তার মৃত্যু হয়।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় আহত এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top