সন্দ্বীপ প্রতিনিধি: চট্টগ্রামের সন্দ্বীপে কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে সাতজন জলদস্যুকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি ফিশিং বোট, দেশীয় অস্ত্র এবং প্রায় ৪৭ লাখ ৬২ হাজার টাকা মূল্যের ডাকাতির মালামাল উদ্ধার করা হয়েছে।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গত ৯ জুলাই বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে সন্দ্বীপ থানার দক্ষিণ উপকূলীয় এলাকায় একটি ফিশিং বোট জলদস্যুদের কবলে পড়ে। ঘটনার পর জরুরি সেবা নম্বর ১৬১১১-এ খবর পেয়ে কোস্ট গার্ড বিষয়টি সম্পর্কে অবগত হয় এবং সংশ্লিষ্ট এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করে।
এর ধারাবাহিকতায় গত ১৩ জুলাই সোমবার দুপুর ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত কোস্ট গার্ড আউটপোস্ট সারিকাইত ও সন্দ্বীপ থানা পুলিশের সমন্বয়ে চৌধুরী বাজার ঘাটসংলগ্ন এলাকায় যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ডাকাতির ঘটনায় ব্যবহৃত একটি ফিশিং বোটসহ সাতজন জলদস্যুকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা ৯ জুলাই সংঘটিত ডাকাতির ঘটনায় নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। পরে জব্দ করা ফিশিং বোটে তল্লাশি চালিয়ে প্রায় ৪৭ লাখ ৬২ হাজার টাকা মূল্যের ৯৫ হাজার মিটার সুতার জাল, ১১০ লিটার ডিজেল, পাঁচটি মোবাইল ফোন এবং ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
কোস্ট গার্ড জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি জব্দ করা আলামত ও উদ্ধার করা মালামাল সংক্রান্ত প্রয়োজনীয় আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এ ছাড়া দেশের উপকূলীয় অঞ্চলে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জলদস্যুতা দমনে ভবিষ্যতেও এ ধরনের অভিযান ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে বলে জানিয়েছে কোস্ট গার্ড।
চাটগাঁ নিউজ/ফয়সাল/এমকেএন





