চাটগাঁ নিউজ ডেস্ক: প্রায় ১০ ঘণ্টা টানা আন্দোলনের পর কর্মসূচি স্থগিত করে রাজপথ ছাড়ার ঘোষণা দিয়েছেন এইচএসসি পরীক্ষার্থীরা। তবে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে তারা অনড় অবস্থানে রয়েছেন। এ বিষয়ে রাতেই নতুন কর্মসূচি ঘোষণা করার কথা জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
আজ মঙ্গলবার (১৪ জুলাই) রাত পৌনে ১০টার দিকে জাতীয় সংসদ ভবনের সামনে থেকে এ ঘোষণা দেন তারা। শিক্ষার্থীরা সরে গেলে ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়ে আসে।
এর আগে মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। একই সময়ে উত্তরা বিএনএস সেন্টারের সামনেও আরেকটি দল বিক্ষোভ করে। পরে দুপুরে তারা ঢাকা শিক্ষা বোর্ডের দিকে অগ্রসর হন এবং বিকেলে আবার সায়েন্সল্যাব এলাকায় ফিরে মিছিল করেন।
সন্ধ্যায় বিক্ষোভকারীরা মিছিল নিয়ে জাতীয় সংসদ ভবনের সামনে গিয়ে অবস্থান নেন এবং সড়ক অবরোধ করেন। এতে মানিক মিয়া অ্যাভিনিউয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।
অবরোধ চলাকালে পুলিশ শিক্ষার্থীদের সড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ জানায়। কিন্তু তারা অবস্থান অব্যাহত রাখলে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয় এবং একপর্যায়ে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। আন্দোলনকারীদের অভিযোগ, এ সময় পুলিশের লাঠিচার্জে কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন।
পরে পুলিশ সংসদ ভবনের সামনের এলাকা থেকে শিক্ষার্থীদের সরিয়ে দিলে তারা আসাদগেটের আড়ং মোড় এলাকায় গিয়ে অবস্থান নেন। সেখানে কিছু শিক্ষার্থী পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। জবাবে পুলিশ ধাওয়া দিয়ে তাদের মানিক মিয়া অ্যাভিনিউ এলাকা থেকে সরিয়ে দেয়।
এরপরও রাত পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখেন শিক্ষার্থীরা। বিভিন্ন দাবিতে স্লোগান দিতে থাকেন তারা। এদিকে রাতে সংসদে শিক্ষামন্ত্রী দুঃখ প্রকাশ করে পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যা প্রথমপত্র পরীক্ষা পুনরায় নেওয়ার ঘোষণা দেন।
শেষ পর্যন্ত রাত পৌনে ১০টার দিকে আজকের মতো কর্মসূচি স্থগিত করে ঘরে ফেরেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
চাটগাঁ নিউজ/জেএইচ





