সাদিয়াস কিচেনে পচা ডিম-ইঁদুর-তেলাপোকা, জরিমানা ৩ লাখ

চাটগাঁ নিউজ ডেস্ক : নগরের পূর্ব নাসিরাবাদে ‘সাদিয়া কিচেন’-এর প্রধান রান্নাঘরে মোবাইল কোর্ট পরিচালনা করে ৩ লাখ টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন। অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও সংরক্ষণসহ বিভিন্ন অনিয়মের দায়ে এ জরিমানা করা হয়।

মঙ্গলবার (১৪ জুলাই) সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিফাত বিনতে আরার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে দেখা যায়, প্রতিষ্ঠানের রান্নাঘরে স্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ পরিবেশে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণ করা হচ্ছে। সেখানে পচা ডিম ও পচা ব্রেডক্রাম্ব, ইঁদুর, তেলাপোকা, মশা ও মাছির উপস্থিতি, ফ্রিজারে উচ্ছিষ্টাংশসহ মুরগি সংরক্ষণ, খাদ্য প্রক্রিয়াকরণ স্থানের মধ্যেই মুরগির খামার, খোলা ড্রেনেজ এবং মাংসের সঙ্গে খোলা অবস্থায় দই সংরক্ষণের মতো নানা অনিয়ম পাওয়া যায়। এছাড়া মেয়াদোত্তীর্ণ নিবন্ধন নিয়ে খাদ্য উৎপাদনেরও প্রমাণ মেলে। এসব অপরাধে নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৩৩ ধারায় প্রতিষ্ঠানটির মালিকপক্ষকে ৩ লাখ টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

চট্টগ্রাম মেট্রোপলিটনের নিরাপদ খাদ্য কর্মকর্তা মোহাম্মদ ফারহান ইসলাম বলেন, অভিযানে প্রতিষ্ঠানের প্রধান রান্নাঘরে খাদ্য উৎপাদন ও সংরক্ষণে গুরুতর স্বাস্থ্যঝুঁকি পূর্ণ পরিবেশ এবং নিরাপদ খাদ্য আইন লঙ্ঘনের একাধিক অনিয়ম পাওয়া গেছে। এসব অপরাধে নিরাপদ খাদ্য আইেন তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top