চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের চকবাজারের চন্দনপুরা এলাকায় অবস্থিত ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান ‘ডিজিটাল ডটনেট’র কার্যালয়ে সশস্ত্র হামলা ও ব্যাপক ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে।
আজ সোমবার (১৩ জুলাই) সকালে চন্দনপুরা এক্সেস রোড এলাকায় এই ঘটনা ঘটে। প্রতিষ্ঠানটির দাবি, প্রায় দুই কোটি টাকা চাঁদার দাবিতে এই হামলার ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা।
জানা গেছে, প্রায় ৪০ জন মুখোশধারী (মাস্ক পরিহিত) সশস্ত্র ব্যক্তি হঠাৎ প্রতিষ্ঠানটির কার্যালয়ে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালায়। হামলাকারীরা অফিসের বিভিন্ন মূল্যবান যন্ত্রপাতি ও আসবাবপত্র ভেঙে লাখ লাখ টাকার ক্ষয়ক্ষতি করে এবং কর্মীদের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন সিএমপির দক্ষিণ জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হাবিবুর রহমান এবং চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর হোসেন মামুন।
এ বিষয়ে ডিজিটাল ডটনেট কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর হোসেন মামুন জানান, কারা এ হামলার সঙ্গে জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ শুরু করেছে।
চাটগাঁ নিউজ/জেএইচ





