চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার আলোচিত রিফাত হত্যা মামলার প্রধান আসামিসহ চারজনকে গ্রেপ্তার করেছে র্যাব-৭। গ্রেপ্তাররা হলেন- মো. শামীম (৩৫), মো. সাজ্জাদ আলম শুভ (৩২), মারুফ (২৭) ও সুমন (৩০)।
র্যাব জানায়, নিহত মো. রিফাত (২৮) পাহাড়তলী থানার আব্দুপাড়া এলাকার বাসিন্দা এবং পেশায় একজন ইলেকট্রিক মিস্ত্রি ছিলেন। এলাকায় আধিপত্য বিস্তার এবং পূর্বশত্রুতার জেরে গত ২৩ জুন সকালে পরিকল্পিতভাবে তাকে বাসা থেকে ডেকে নেওয়া হয়।
তদন্তে জানা যায়, অভিযুক্ত সাজ্জাদ আলম শুভ কৌশলে রিফাতকে দক্ষিণ কাট্টলীর আব্দুল সুফী চৌধুরী গ্যারেজসংলগ্ন তিন রাস্তার মোড়ে নিয়ে যান। সেখানে আগে থেকেই ওত পেতে থাকা শামীম, মারুফসহ কয়েকজন তার ওপর অতর্কিত হামলা চালায়। একপর্যায়ে শামীম ধারালো অস্ত্র দিয়ে রিফাতের বাম হাঁটুর ওপর আঘাত করলে তিনি গুরুতর আহত হন। অতিরিক্ত রক্তক্ষরণে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে পাহাড়তলী থানায় তিনজনের নাম উল্লেখ করে এবং আরও ২-৩ জনকে অজ্ঞাত আসামি করে হত্যা মামলা দায়ের করেন।
র্যাব-৭-এর সহকারী পরিচালক (গণমাধ্যম) সহকারী পুলিশ সুপার এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (১২ জুলাই) দুপুরে সীতাকুণ্ড উপজেলার জলিল টেক্সটাইল বাজার এলাকায় অভিযান চালিয়ে প্রধান আসামি মো. শামীম ও মো. সাজ্জাদ আলম শুভকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পৃথক অভিযানে নগরের বায়েজিদ বোস্তামী থানার বালুছড়া এলাকা থেকে মারুফ এবং হালিশহরের মাইজপাড়া এলাকা থেকে সুমনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
চাটগাঁ নিউজ/এমকেএন





