চলে গেলেন চন্দনাইশের সাবেক এমপি নজরুল ইসলাম চৌধুরী 

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া-আংশিক) আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. নজরুল ইসলাম চৌধুরী আর নেই।

আজ সোমবার (১৩ জুলাই) ভোররাত ৪ টা ১৫ মিনিটে তিনি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহে…রাজেউন)।

জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত ছিলেন। তিনি বেশকিছু দিন ধরে ঢাকার এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গত কয়েকদিন আগে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়। পরে আজ ১৩ জুলাই সোমবার রাত ৪টার পর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ভাতিজা নাহিয়ান চৌধুরী।

তিনি জানান, আজ রাত দশটায় সাবেক এমপির চট্টগ্রাম শহরের বাসার সামনে (বিভারলি হিল সোসাইটি) ১ম জানাযা এবং আগামীকাল বেলা ১১ টায় চন্দনাইশের কাঞ্চনাবাদ উচ্চ বিদ্যালয় মাঠে ২য় জানাযা অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, নজরুল ইসলাম চৌধুরী চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসন থেকে তিনবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। সর্বশেষ ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

পরে ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতন এবং জাতীয় সংসদ বিলুপ্ত হলে তার সংসদ সদস্য পদও বিলুপ্ত হয়। তিনি আত্মগোপনে চলে যান।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top