বন্যাদুর্গত এলাকায় সাপের উপদ্রব, কামড়ে আহত ৭৫

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের বন্যাকবলিত বিভিন্ন এলাকায় সাপের উপদ্রব আশঙ্কাজনকভাবে বেড়েছে। বন্যার পানিতে নিরাপদ আশ্রয়ের খোঁজে সাপ লোকালয়ে ঢুকে পড়ায় কামড়ের ঘটনাও বাড়ছে। এখন পর্যন্ত সাপের কামড়ে ৭৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।

রবিবার (১২ জুলাই) জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বন্যাদুর্গত এলাকায় স্বাস্থ্য বিভাগের বিশেষ মেডিকেল টিম নিয়মিত কাজ করছে। এসব দল দুর্গত মানুষের কাছে গিয়ে প্রাথমিক চিকিৎসাসেবা, প্রয়োজনীয় ওষুধ এবং খাবার স্যালাইন সরবরাহ করছে। পাশাপাশি অন্তঃসত্ত্বা নারী, শিশু ও গুরুতর অসুস্থ রোগীদের দ্রুত নৌকাযোগে নিকটস্থ হাসপাতালে পৌঁছে দেওয়ার ব্যবস্থা নেওয়া হয়েছে।

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, বন্যার কারণে আশ্রয়কেন্দ্র ও বসতবাড়িতে সাপের উপস্থিতি বেড়ে যাওয়ায় কামড়ের ঘটনাও বৃদ্ধি পেয়েছে। আহতদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে সাপে কাটার চিকিৎসার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি রাখা হয়েছে।

এ পরিস্থিতিতে স্বাস্থ্য বিভাগ বন্যাদুর্গত এলাকার বাসিন্দাদের বিশেষ সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। রাতে চলাচলের সময় পর্যাপ্ত আলো ব্যবহার, পানিতে নামার আগে লাঠি দিয়ে স্থান পরীক্ষা করা এবং সাপে কামড় দিলে কোনো ধরনের ঝাড়ফুঁক বা বিলম্ব না করে দ্রুত নিকটস্থ হাসপাতালে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top