রাঙ্গুনিয়া প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নে শৌচাগারের ময়লা ও বৃষ্টির পানি নিষ্কাশনকে কেন্দ্র করে আপন চাচা ও চাচাতো ভাইদের কাঠের বাটামের আঘাতে মো. ওবায়দুল (৩৬) নামে এক যুবক নিহত হয়েছেন।
রবিবার (১২ জুলাই) দুপুর ২টার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নাপিতপুকুরিয়া ব্রিজঘাটা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ওবায়দুল পেশায় একজন চালক ছিলেন। তিনি ওই এলাকার ইদ্রিস মিয়ার ছেলে।
হত্যাকাণ্ডের পরপরই স্থানীয় ক্ষুব্ধ জনতা ধাওয়া করে ঘটনায় জড়িত থাকার অভিযোগে নিহতের চাচা বুদরুচ মিয়া ও চাচাতো ভাই ইমরান (প্রকাশ বাচা ড্রাইভার)-কে হাতেনাতে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।
স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্তদের বাড়ির শৌচাগারের ময়লা ও বৃষ্টির পানি ছাড়ার বিষয়টির প্রতিবাদ করেন ওবায়দুল। এ নিয়ে তাঁর সঙ্গে চাচা ও চাচাতো ভাইদের তীব্র বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে তারা ওবায়দুলের ওপর হামলা চালিয়ে কাঠের শক্ত বাটাম দিয়ে এলোপাতাড়ি আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্বজনরা তাঁকে উদ্ধার করে দ্রুত রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহতের ভাই মো. শহীদুল ইসলাম অভিযোগ করে বলেন, চাচাদের বাড়ির শৌচাগারের ময়লা ও বৃষ্টির পানি আমাদের দিকে ছাড়ার প্রতিবাদ করায় তারা পরিকল্পিতভাবে আমার ভাইয়ের ওপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আমরিন খসরু জানান, ওবায়দুলকে হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছিল। পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করা হয়।
দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হিলাল উদ্দিন আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল ও হাসপাতালে যায়। স্থানীয়দের সহায়তায় ঘটনার মূল দুই অভিযুক্তকে আটক করা হয়েছে।
তিনি আরও জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। নিহতের পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
চাটগাঁ নিউজ/জগলুল/এমকেএন





