সাতকানিয়ায় বন্যার পানিতে ভেসে যাওয়া কিশোরের মরদেহ উদ্ধার

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার চরতী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পশ্চিম দুরদুরী এলাকায় বন্যার পানির তীব্র স্রোতে ভেসে যাওয়া মো. সাঈদ (১৭) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত সাঈদ পশ্চিম দুরদুরী এলাকার বাসিন্দা এবং ফৌজলুল হকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৯ জুলাই) বন্যার পানিতে জাল দিয়ে মাছ ধরতে নামেন সাঈদ। একপর্যায়ে তীব্র স্রোতের কবলে পড়ে তিনি ভেসে যান। এ সময় আশপাশের লোকজন তাকে উদ্ধারের চেষ্টা করলেও তার হাতে জাল পেঁচিয়ে থাকায় তাকে ধরে রাখা সম্ভব হয়নি। পরে পানির প্রচণ্ড স্রোতে তিনি তলিয়ে যান।

নিখোঁজ হওয়ার পর স্থানীয়রা দীর্ঘ সময় ধরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি চালান। একপর্যায়ে ঘটনাস্থলের কাছাকাছি এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়দের ভাষ্য, সাঈদ মৃগী রোগে আক্রান্ত ছিলেন। তার আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। এ ঘটনায় স্থানীয়রা গভীর শোক প্রকাশ করেছেন।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top