চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে নির্বাচিত বিএনপির প্রার্থী সারোয়ার আলমগীর দীর্ঘ আইনি জটিলতার অবসান ঘটিয়ে জাতীয় সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছেন।
বৃহস্পতিবার (৯ জুলাই) প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম তাকে শপথবাক্য পাঠ করান। এ সময় মন্ত্রিসভার সদস্য ও সংসদ সদস্যরাও উপস্থিত ছিলেন।
এর আগে একই দিন বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সারোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ ঘোষণা করে রায় দেন। এই রায়ের মাধ্যমে তার নির্বাচনী ফলাফলের ওপর থাকা আইনি জটিলতা দূর হয় এবং সংসদ সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণের পথ সুগম হয়।
সারোয়ার আলমগীরের আইনজীবী আহসানুল করিম জানান, হাইকোর্ট রুল অ্যাবসলিউট করায় নির্বাচন কমিশন প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে তার নাম গেজেটে প্রকাশ করবে। এরপর সাংবিধানিক প্রক্রিয়া অনুযায়ী তিনি সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।
অন্যদিকে, একই আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ নূরুল আমিনের আইনজীবী মোহাম্মদ শিশির মনির জানিয়েছেন, হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে তারা আপিল করবেন।
উল্লেখ্য, নির্বাচনের আগে নির্বাচন কমিশন ঋণখেলাপির অভিযোগে সারোয়ার আলমগীরের মনোনয়নপত্র বাতিল করেছিল। পরে তিনি হাইকোর্টে রিট করলে আদালত তাকে নির্বাচনে অংশ নেওয়ার অনুমতি দেন এবং ধানের শীষ প্রতীক বরাদ্দের নির্দেশ দেন। তবে ওই আদেশের বিরুদ্ধে আপিল করেন জামায়াতের প্রার্থী। আপিল বিভাগ তার আবেদন গ্রহণ করে নির্দেশ দেয়, সারোয়ার আলমগীর নির্বাচিত হলেও আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তার ফলাফল প্রকাশ স্থগিত থাকবে।
পরবর্তীতে আপিল বিভাগ দ্রুত হাইকোর্টে রুল নিষ্পত্তির নির্দেশ দিলে শুনানি শেষে বৃহস্পতিবার হাইকোর্ট সারোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ ঘোষণা করে রায় দেন। এর পরই তিনি সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফটিকছড়ি আসনে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে সারোয়ার আলমগীর ১ লাখ ৩৮ হাজার ৫৪৫ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ নূরুল আমিন দাঁড়িপাল্লা প্রতীকে পান ৬২ হাজার ১৬০ ভোট।
শপথ গ্রহণের খবরে ফটিকছড়িতে বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে। তারা নবনির্বাচিত সংসদ সদস্যকে বরণ করে নিতে বিভিন্ন প্রস্তুতি নিচ্ছেন।
শপথ গ্রহণের পর প্রতিক্রিয়ায় সারোয়ার আলমগীর বলেন, ফটিকছড়ির জনগণ ভোটের মাধ্যমে যে দায়িত্ব তার ওপর অর্পণ করেছেন, তা তিনি সততা ও নিষ্ঠার সঙ্গে পালনের চেষ্টা করবেন। তিনি বলেন, আইনি প্রক্রিয়ায় ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। এজন্য তিনি আদালত, দলীয় নেতাকর্মী, সমর্থক এবং ফটিকছড়ির জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি সবার কাছে দোয়া চেয়ে তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণে নিজেকে সর্বোচ্চভাবে নিয়োজিত রাখবেন।
চাটগাঁ নিউজ/এমকেএন





