চাটগাঁ নিউজ ডেস্ক: চার দিনের টানা বর্ষণে সৃষ্ট প্রবল স্রোতের মধ্যে নালায় পড়ে চট্টগ্রামের রাউজান উপজেলায় মোহাম্মদ মোস্তাকিম (৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার (৮ জুলাই) সন্ধ্যায় উপজেলার ডাবুয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোস্তাকিম স্থানীয় বাসিন্দা মোহাম্মদ পারভেজ হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে মোস্তাকিম তার দাদা আনোয়ার হোসেনের সঙ্গে বাড়ি থেকে পাশের একটি দোকানে যাচ্ছিল। দাদার পেছনে হাঁটার সময় অসাবধানতাবশত সড়কের পাশের পানি নিষ্কাশনের নালায় পড়ে যায় সে। কয়েক দিনের টানা বৃষ্টিতে নালাটিতে তীব্র স্রোত থাকায় মুহূর্তেই শিশুটি ভেসে যায়।
পরে স্থানীয় এক সিএনজিচালিত অটোরিকশাচালক নালায় ভাসতে থাকা শিশুটিকে দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করেন। তাকে তাৎক্ষণিকভাবে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর মৃত ঘোষণা করেন।
ডাবুয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইয়াছমিন আক্তার ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, শিশুটি তার দাদার সঙ্গে দোকানে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হয়। খবর পেয়ে দ্রুত তাকে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করা হলেও চিকিৎসক তাকে আর বাঁচাতে পারেননি।
টানা বর্ষণে সৃষ্টি হওয়া প্রবল স্রোতের কারণে এমন দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
চাটগাঁ নিউজ/এমকেএন





