সন্দ্বীপে আকস্মিক টর্নেডোর তাণ্ডব, ক্ষতিগ্রস্ত ২৫ ঘরবাড়ি

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের উপকূলীয় দ্বীপ উপজেলা সন্দ্বীপে আকস্মিক টর্নেডোর আঘাতে অন্তত ২০ থেকে ২৫টি বসতঘর এবং কয়েকটি দোকানপাট ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ঘটনায় কোনো প্রাণহানি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার মগধরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আদর্শপাড়া এলাকায় টর্নেডোটি আঘাত হানে। কয়েক মিনিটের প্রবল ঘূর্ণিঝড়ের মতো বাতাসে ঘরবাড়ির চালা উড়ে যায় এবং বিভিন্ন স্থাপনার ক্ষয়ক্ষতি হয়। স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঘটনাস্থল পরিদর্শন শেষে মগধরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও সন্দ্বীপ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাউসার আহমেদ জানান, টর্নেডোর তীব্র বাতাসে একটি দোকানের চালা, বেড়া ও মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি প্রায় ২০ থেকে ২৫টি বসতঘরের চালা উড়ে যাওয়ায় অনেক পরিবার দুর্ভোগে পড়েছে। কয়েকটি ঘরে বৃষ্টির পানিও ঢুকে পড়েছে। তবে সৌভাগ্যবশত কোনো প্রাণহানি বা আহতের ঘটনা ঘটেনি।

তিনি আরও জানান, বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে। তবে সংবাদ লেখা পর্যন্ত প্রশাসনের কোনো কর্মকর্তা ঘটনাস্থলে পৌঁছাননি। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে দ্রুত ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি জানান, টর্নেডোর আঘাতে ওই এলাকায় তাঁর মালিকানাধীন একটি ইটভাটারও আংশিক ক্ষতি হয়েছে।

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া প্রায় এক মিনিটের একটি ভিডিওতে টর্নেডোর ভয়াবহতা ফুটে উঠেছে। ভিডিওতে দেখা যায়, প্রবল বাতাসে ঘরের চালা ও বিভিন্ন স্থাপনা উড়ে যাচ্ছে। এ সময় আতঙ্কিত নারী ও শিশুদের চিৎকারও শোনা যায়।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top