নামাজরত মা-মেয়েকে বেঁধে ডাকাতি, ১৫ ভরি স্বর্ণ ও নগদ টাকা লুট

সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে মাগরিবের নামাজ আদায়ের সময় এক পরিবারের সদস্যদের জিম্মি করে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় অস্ত্রের মুখে জিম্মি করে আলমারি ভেঙে প্রায় ১৫ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ২ লাখ টাকা লুট করে নিয়ে যায় ডাকাতরা। বাধা দিতে গেলে তাহেরা বেগম (বৃদ্ধা) নামে এক নারীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয়।

বুধবার (৮ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বার আউলিয়া এলাকায় ইউনিয়ন পরিষদ সংলগ্ন ভূঁইয়া সাহেবের বাড়িতে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে আহত তাহেরা বেগমের মেয়ে ইসরাত সুলতানা বাদী হয়ে সীতাকুণ্ড মডেল থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে একটি মামলা দায়ের করেছেন।

মামলার বাদী ইসরাত সুলতানা জানান, মাগরিবের নামাজ আদায় করছিলেন তিনি ও তাঁর মা। সেজদায় থাকা অবস্থায় কয়েকজন মুখোশধারী যুবক হঠাৎ ঘরে ঢুকে তাঁদের চোখ ও মুখ কাপড় দিয়ে বেঁধে ফেলে। পরে তাঁদের একটি কক্ষে আটকে রেখে আলমারির চাবি দাবি করে। চাবি দিতে দেরি হওয়ায় ডাকাতরা তাঁর বৃদ্ধ মাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে রক্তাক্ত করে। এরপর আলমারি ভেঙে প্রায় ১৫ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ২ লাখ টাকা লুট করে নেয়। যাওয়ার আগে ঘরের কয়েকটি আলমারির কাপড়চোপড় ও অন্যান্য মালামাল তছনছ করে ফেলে।

আহত তাহেরা বেগম বলেন, আমি ও আমার মেয়ে মাগরিবের নামাজ পড়ছিলাম। হঠাৎ চারজন মুখোশধারী আমাদের চোখ-মুখ বেঁধে ফেলে। তারা নামাজও শেষ করতে দেয়নি। পরে আরও কয়েকজন ঘরে প্রবেশ করে। তখন বাড়িতে কোনো পুরুষ সদস্য ছিলেন না। তারা আলমারি ভেঙে সব তছনছ করে প্রায় ১৫ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ২ লাখ টাকা নিয়ে যায়। ওই স্বর্ণের মধ্যে আমার বিয়ের সময়ের বহু বছরের পুরোনো গয়নাও ছিল। চাবি দিতে দেরি হওয়ায় তারা আমাকে ছুরি দিয়ে হাতে আঘাত করে।

খবর পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সীতাকুণ্ড মডেল থানার এসআই মো. ফয়েজ আহমেদের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা দায়ের করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

চাটগাঁ নিউজ/দুলু/এমকেএন

Scroll to Top