বোয়ালখালীতে পাহাড়ি ঢলের পানিতে যুবক নিখোঁজ

বোয়ালখালী প্রতিনিধি: চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার জ্যৈষ্ঠ্যপুরা এলাকায় পাহাড়ি ঢলের পানিতে ভেসে গিয়ে দিদার আলম হৃদয় (২৫) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। তাঁর সন্ধানে ফায়ার সার্ভিস ও পুলিশের যৌথ উদ্ধার অভিযান চলছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার জ্যৈষ্ঠ্যপুরা এলাকার ভাণ্ডালজুড়ি খালের লেচু বারিচা নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিখোঁজ দিদার আলম হৃদয় উপজেলার পূর্ব জ্যৈষ্ঠ্যপুরা গুচ্ছগ্রাম আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা। তিনি মৃত ইলিয়াছের ছেলে।

স্থানীয় ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হাসান চৌধুরী জানান, টানা ভারী বৃষ্টির কারণে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ভাণ্ডালজুড়ি খালে পানির স্রোত তীব্র হয়ে ওঠে। এ সময় খাল পারাপারের চেষ্টা করলে হৃদয় প্রবল স্রোতে ভেসে যান।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, নিখোঁজ যুবককে উদ্ধারে ফায়ার সার্ভিস ও পুলিশের সদস্যরা যৌথভাবে অভিযান পরিচালনা করছেন।

বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান ফারুক বলেন, নিখোঁজ যুবককে উদ্ধারে সর্বাত্মক চেষ্টা অব্যাহত রয়েছে। উদ্ধারকারী দল ঘটনাস্থলে কাজ করছে।

চাটগাঁ নিউজ/ইয়াসিন/এমকেএন

Scroll to Top