উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের উখিয়া উপজেলার একটি রোহিঙ্গা ক্যাম্পে পারিবারিক কলহের জেরে স্বামীর ছুরিকাঘাতে এক নারী ও তার শিশুপুত্র নিহত হয়েছেন। এ ঘটনায় দম্পতির আরও এক সন্তান গুরুতর আহত হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী পলাতক রয়েছেন।
বৃহস্পতিবার (৯ জুলাই) ভোররাত আনুমানিক ৪টার দিকে উখিয়া উপজেলার ৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতরা হলেন কপি নুর (৩০) এবং তার ছোট ছেলে মোহাম্মদ আনছার (৬)। গুরুতর আহত বড় ছেলে মোহাম্মদ সলিমকে (১০) উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
রোহিঙ্গা ক্যাম্পের নেতা দিল মোহাম্মদ জানান, অভিযুক্ত স্বামী মাদক কারবারের সঙ্গে জড়িত ছিলেন। কিছুদিন আগে মাদকসংক্রান্ত একটি ঘটনায় পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার জন্য তিনি স্ত্রীকে দায়ী মনে করতেন। এ নিয়ে দীর্ঘদিন ধরে তাদের মধ্যে বিরোধ চলছিল। এরই জেরে ভোরে স্ত্রীকে ছুরিকাঘাত করেন। পরে ঘটনাটি দেখে ফেলায় দুই ছেলের ওপরও হামলা চালান। এতে ঘটনাস্থলেই কপি নুর ও তার ছোট ছেলে মোহাম্মদ আনছারের মৃত্যু হয়। হামলার পর অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যান।
স্থানীয়রা খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করেন এবং আহত শিশুটিকে দ্রুত হাসপাতালে পাঠান। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করেন।
১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ সিরাজ আমিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত স্বামী পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মুজিবুর রহমান বলেন, রোহিঙ্গা ক্যাম্প থেকে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
চাটগাঁ নিউজ/মোস্তফা/এমকেএন





