ফটিকছড়ি প্রতিনিধি: চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপির নির্বাচিত প্রার্থী সারোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। এর মধ্য দিয়ে তাঁর প্রার্থিতা নিয়ে দীর্ঘদিনের আইনি জটিলতার অবসান হয়েছে। ফলে নির্বাচনী ফলাফলের গেজেট প্রকাশ এবং সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণে আর কোনো আইনগত বাধা থাকল না।
বৃহস্পতিবার (৯ জুলাই) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
এর আগে, গত ২ জুলাই রুলের ওপর শুনানি শেষে আদালত রায় ঘোষণার জন্য ৯ জুলাই দিন ধার্য করেছিলেন।
আদালতে সারোয়ার আলমগীরের পক্ষে শুনানিতে অংশ নেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম এবং ব্যারিস্টার এ. এম. মাহবুব উদ্দিন খোকন।
হাইকোর্টের এ রায়ের ফলে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপির নির্বাচিত প্রতিনিধি হিসেবে সারোয়ার আলমগীরের দায়িত্ব গ্রহণের পথ সম্পূর্ণভাবে উন্মুক্ত হয়েছে। এখন নির্বাচন কমিশন নির্বাচনী ফলাফলের গেজেট প্রকাশ করলে তিনি সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করতে পারবেন।
চাটগাঁ নিউজ/ফরিদ/এমকেএন





