বোয়ালখালী প্রতিনিধি: টানা ভারী বর্ষণের কারণে চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভার পশ্চিম গোমদণ্ডী এলাকার ৮ নম্বর ওয়ার্ডের প্রায় ২০০ পরিবার পানিবন্দি হয়ে পড়ে। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান ফারুক ঘটনাস্থলে ছুটে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় পানি নিষ্কাশনের ব্যবস্থা করেন। এতে পানিবন্দি পরিবারগুলোর দুর্ভোগ অনেকটাই লাঘব হয়।
মঙ্গলবার (৮ জুলাই) বিকেলে ইউএনও ঘটনাস্থল পরিদর্শন করে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে নিয়ে বন্ধ হয়ে থাকা পানি চলাচলের পথ সচল করার উদ্যোগ নেন। তাঁর তাৎক্ষণিক পদক্ষেপে এলাকায় জমে থাকা পানি দ্রুত নামতে শুরু করে।
ভুক্তভোগীরা জানান, পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের হাজিরপুল এলাকায় একটি সড়কের কালভার্ট বালু দিয়ে ভরাট করে পানি নিষ্কাশনের পথ বন্ধ করে দেওয়া হয়। এ ঘটনায় স্থানীয়রা বাধা দেওয়ার পাশাপাশি প্রশাসনকে অবহিত করলেও দীর্ঘদিন কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে টানা বর্ষণ হলেই এলাকার ৮ থেকে ১০টি বাড়ির প্রায় ২০০ পরিবার জলাবদ্ধতার মধ্যে মানবেতর জীবনযাপন করতে বাধ্য হয়।
স্থানীয় বাসিন্দা আমির হোসেন জুয়েল বলেন, কালভার্ট বালু দিয়ে ভরাট করে দেওয়ায় পানি বের হতে পারছে না। তাই প্রতি বর্ষা মৌসুমেই প্রায় ২০০ পরিবার পানিবন্দি হয়ে চরম দুর্ভোগে পড়ে। উপজেলা প্রশাসন দ্রুত ব্যবস্থা নেওয়ায় আমরা স্বস্তি পেয়েছি। আশা করি কালভার্টটি সম্পূর্ণ পরিষ্কার করে স্থায়ীভাবে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান ফারুক বলেন, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে গিয়ে মানুষের দুর্ভোগ লাঘবে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছি।
তিনি আরও বলেন, যারা খাল ও কালভার্ট ভরাট করে পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে, তারা যদি অবিলম্বে নিজ উদ্যোগে তা অপসারণ না করে, তাহলে জনস্বার্থে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
চাটগাঁ নিউজ/ইয়াসিন/এমকেএন





