ওমানে বিদ্যুৎস্পৃষ্টে ফটিকছড়ির প্রবাসীর মৃত্যু

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের ফটিকছড়ি পৌরসভার বাসিন্দা মুহাম্মদ এনাম (৪০) মধ্যপ্রাচ্যের দেশ ওমানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। তিনি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের হাদি বাপের বাড়ি এলাকার মৃত জাগির হোসেনের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার (৭ জুলাই) বাংলাদেশ সময় রাত ৮টার দিকে ওমানের সালালা এলাকায় একটি রেস্টুরেন্টে শীতাতপ নিয়ন্ত্রণ (এসি) যন্ত্রের কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন এনাম। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত এনাম দীর্ঘদিন ধরে জীবিকার তাগিদে ওমানে কর্মরত ছিলেন। চলতি বছরের জানুয়ারি মাসে তিনি ছুটিতে দেশে এসে পরিবারের সঙ্গে সময় কাটিয়ে আবার কর্মস্থলে ফিরে যান।

ব্যক্তিগত জীবনে তিনি এক ছেলে ও এক কন্যা সন্তানের জনক। তার আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top