সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় পাহাড় ধসে ১০ মাস বয়সী শিশু তানভীরের মৃত্যু হয়েছে।
বুধবার (৮ জুলাই) সকাল আনুমানিক ১০টার দিকে জঙ্গল সলিমপুরের খেজুরতলা সংলগ্ন বাগানবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তানভীর ওই এলাকার বাসিন্দা মহিন উদ্দীনের ছেলে।
স্থানীয়রা জানান, কয়েক দিনের টানা ভারী বৃষ্টিতে পাহাড়ের মাটি নরম হয়ে যায়। বুধবার সকালে হঠাৎ পাহাড়ের একটি অংশ ধসে একটি বসতঘরের ওপর পড়ে। এ সময় পরিবারের সদস্যদের সঙ্গে ঘরের ভেতরে থাকা তানভীর মাটিচাপা পড়ে গুরুতর আহত হয়।
পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফখরুল ইসলাম এবং সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতের পরিবারকে তাৎক্ষণিকভাবে ২৫ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।
ইউএনও মো. ফখরুল ইসলাম বলেন, পাহাড়ের পাদদেশে বসবাসকারী মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে মাইকিং করা হচ্ছে। সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় তিনটি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া এলাকার ১১টি সমাজের সর্দারের মাধ্যমে সবাইকে দ্রুত আশ্রয়কেন্দ্রে চলে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
চাটগাঁ নিউজ/দুলু/এমকেএন





