কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি: টানা কয়েক দিনের ভারী বর্ষণে কাপ্তাই হ্রদে পানির স্তর বৃদ্ধি পাওয়ায় রাঙামাটির কাপ্তাই জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের (কপাবিকে) পাঁচটি ইউনিট একযোগে চালু করা হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে ইউনিটগুলো চালু হওয়ার পর বর্তমানে কেন্দ্রটিতে ১৪৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।
বিষয়টি নিশ্চিত করে কপাবিকের ব্যবস্থাপক (প্রকৌশলী) মাহমুদ হাসান মঙ্গলবার রাত সাড়ে ৮টায় জানান, টানা বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদে পানির পরিমাণ কয়েক দিন ধরে বৃদ্ধি পাচ্ছে। ফলে পানিনির্ভর এই বিদ্যুৎকেন্দ্রের পাঁচটি ইউনিট একসঙ্গে চালু করা সম্ভব হয়েছে।
তিনি জানান, বর্তমানে ১ ও ২ নম্বর ইউনিট থেকে ৩২ মেগাওয়াট করে মোট ৬৪ মেগাওয়াট, ৩ নম্বর ইউনিট থেকে ৩০ মেগাওয়াট এবং ৪ ও ৫ নম্বর ইউনিট থেকে ২৫ মেগাওয়াট করে মোট ৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে। সব মিলিয়ে কেন্দ্রটি থেকে বর্তমানে ১৪৪ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। তবে পাঁচটি ইউনিটের মোট উৎপাদন সক্ষমতা ২৪০ মেগাওয়াট।
এদিকে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের কন্ট্রোল রুমের দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলীরা জানান, মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত কাপ্তাই হ্রদের পানির স্তর ছিল ৭৯ দশমিক ৮৬ ফুট মিন সি লেভেল (MSL)। অথচ রুল কার্ভ অনুযায়ী এ সময় পানির স্তর থাকার কথা ৮৪ দশমিক ৯৬ ফুট মিন সি লেভেল (MSL)।
তারা আরও জানান, হ্রদে পানির স্বল্পতার কারণে গত কয়েক মাস ধরে কখনো একটি, আবার কখনো দুটি ইউনিট চালু রেখে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছিল। তবে পানির স্তর বাড়তে শুরু করায় সোমবার তিনটি ইউনিট চালু করা হয়। মঙ্গলবার সকালে চালু করা হয় চারটি ইউনিট এবং একই দিন সন্ধ্যা ৬টা থেকে পাঁচটি ইউনিট একযোগে চালু করে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়।
উল্লেখ্য, কাপ্তাই হ্রদের পানির সর্বোচ্চ ধারণক্ষমতা ১০৮ ফুট মিন সি লেভেল (MSL)। বর্তমানে পানির প্রবাহ অব্যাহত থাকলে বিদ্যুৎ উৎপাদন আরও বাড়ানোর সম্ভাবনা রয়েছে।
চাটগাঁ নিউজ/ঝুলন/এমকেএন





