চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম বন্দরের কনটেইনার জট কমানো, বন্দরের সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিন ধরে পড়ে থাকা অখালাসকৃত পণ্য নিষ্পত্তির লক্ষ্যে ১৬৮ কনটেইনার পণ্য অনলাইন (ই-অকশন) পদ্ধতিতে নিলামে তোলার উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম কাস্টমস হাউস।
আজ মঙ্গলবার (৭ জুলাই) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই মাসে দুটি পৃথক ই-অকশনের মাধ্যমে মোট ১৬৮ কনটেইনারের পণ্য বিক্রি করা হবে। এর মধ্যে বিশেষ ই-অকশন-০৮/২০২৬–এ ৭৬টি লটে ৯৩ কনটেইনার এবং ই-অকশন-০৭/২০২৬–এ ৫৫টি লটে ৭৫ কনটেইনার পণ্য নিলামে তোলা হবে।
বিশেষ ই-অকশন-০৮/২০২৬–এ বিভিন্ন ধরনের কেমিক্যাল, বিটুমিন, যন্ত্রপাতি ও যন্ত্রাংশ, প্লাস্টিক শিট, চেস্ট ফ্রিজার, পাইপ, কাপড়, কাগজ ও গৃহস্থালি সামগ্রী বিক্রি করা হবে। এসব পণ্যের ক্ষেত্রে কোনো সংরক্ষিত মূল্য (রিজার্ভড ভ্যালু) রাখা হয়নি।
অন্যদিকে ই-অকশন-০৭/২০২৬–এ ক্যাপিটাল মেশিনারিজ, বিভিন্ন ধরনের ফেব্রিক্স, পিভিসি ফ্লেক্স ব্যানার, ব্যাডমিন্টন র্যাকেট, এলিভেটর, এয়ার ফিল্টার, ক্রাফট লাইনার পেপার, লবণসহ বিভিন্ন পণ্য নিলামে তোলা হবে।
এনবিআর জানায়, নিলাম কার্যক্রম সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে পরিচালিত হবে। ই-অকশন-০৭/২০২৬–এর পণ্য ১৩ থেকে ২০ জুলাই এবং বিশেষ ই-অকশন-০৮/২০২৬–এর পণ্য ১৬ থেকে ২৩ জুলাই পর্যন্ত সরেজমিনে পরিদর্শনের সুযোগ থাকবে।
আগ্রহী ক্রেতারা কাস্টমসের ই-অকশন পোর্টালে নিবন্ধন করে ই-অকশন-০৭/২০২৬–এর জন্য ১২ থেকে ২২ জুলাই বিকেল ৩টা পর্যন্ত এবং বিশেষ ই-অকশন-০৮/২০২৬–এর জন্য ১৪ থেকে ২৬ জুলাই বিকেল ৩টা পর্যন্ত অনলাইনে দরপত্র জমা দিতে পারবেন।
অনলাইন বিডিংয়ের সময় প্রস্তাবিত দরের অন্তত ১০ শতাংশ জামানতের স্ক্যান কপি আপলোড করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে মূল কাগজপত্রও জমা দিতে হবে। সর্বোচ্চ দরদাতাদের আমদানি নীতি আদেশ ২০২১–২০২৪ অনুযায়ী পণ্য খালাস নিতে হবে।
আগামী ২২ জুলাই বিকেল সাড়ে ৩টায় ই-অকশন-০৭/২০২৬ এবং ২৭ জুলাই সকাল ১১টায় বিশেষ ই-অকশন-০৮/২০২৬–এর দরপত্র উন্মুক্ত করা হবে।
জাতীয় রাজস্ব বোর্ড বলেছে, প্রযুক্তিনির্ভর এই নিলাম কার্যক্রম চট্টগ্রাম বন্দরের কনটেইনার জট কমানোর পাশাপাশি জাতীয় সম্পদের কার্যকর ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
চাটগাঁ নিউজ/জেএইচ





