মিরসরাইয়ে পরিত্যক্ত কারখানার গার্ডরুমে মিলল অজ্ঞাত যুবকের মরদেহ

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের মিরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়নে একটি পরিত্যক্ত বিস্কুট কারখানার গার্ডরুম থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৭ জুলাই) সকালে উপজেলার মির্জাপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত পরিত্যক্ত কারখানার গার্ডরুমে স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

পুলিশ জানায়, নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৩৫ বছর। মরদেহটি গার্ডরুমের ভেতরে অর্ধবসা অবস্থায় পাওয়া গেছে। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন জানান, পুরাতন মিরসরাই পেট্রোল পাম্পের সামনের পরিত্যক্ত কারখানা থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।

তিনি আরও জানান, নিহতের পরিচয় নিশ্চিত করা এবং মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top