চট্টগ্রাম বিমানবন্দরের প্রবেশপথ ও পার্কিং জোনে জলাবদ্ধতা

চাটগাঁ নিউজ ডেস্ক: টানা ভারী বৃষ্টিতে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবেশ পথ ও পার্কিং জোনে জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে বিমানবন্দরে যাওয়া-আসা করা যাত্রী, স্বজন এবং যানবাহন চলাচলে ভোগান্তি তৈরী হয়।

সোমবার (৬ জুলাই) দিনভর বৃষ্টির পর সন্ধ্যায় বিমানবন্দরের প্রবেশপথ, পার্কিং জোন এবং আশপাশের এলাকায় পানি জমতে দেখা যায়। যেখানে হাঁটুসমান পানির মধ্যে দিয়ে যাত্রী ও যানবাহন চলাচল করছে। পার্কিং এলাকায় থাকা অনেক গাড়ির চাকাও পানিতে ছিল ডুবন্ত।

যাত্রীরা বলেন, পানি জমে থাকায় গাড়ি থেকে নেমে টার্মিনাল ভবনে যেতে দুর্ভোগে পড়তে হয়েছে। অনেককে লাগেজ নিয়ে পানির মধ্য দিয়েই হেঁটে যেতে হয়েছে।

জানা গেছে, সোমবার সকাল থেকে টানা ভারী বৃষ্টির কারণে অস্বাভাবিকভাবে পানি জমে প্রবেশ সড়ক ও পার্কিং এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বিকেলের বৃষ্টিতে পানি আরও বেড়ে যায়। পার্কিংয়ের পাশে থাকা দোকানেও জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

বিষয়টি জানতে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহিম খলিলের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

তবে জলাবদ্ধতার কারণে বিমান ওঠানামার কার্যক্রমে কোনো প্রভাব পড়েনি। নির্ধারিত সূচি অনুযায়ী ফ্লাইট পরিচালনা অব্যাহত রয়েছে বলে বিমানবন্দর সূত্রে জানা গেছে।

এদিকে পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, পতেঙ্গা ও বিমানবন্দর এলাকায় রোববার (৫ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে সোমবার ৬টা পর্যন্ত ২০৬ দশমিক ২ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। আগামী ৫ দিন এই বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top