কাপ্তাই প্রতিনিধি: রাঙামাটির কাপ্তাই লেকে মাছ ধরার নিষিদ্ধ মৌসুমে বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) কাপ্তাই উপশাখা ও নৌ পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল এবং চারটি কাঠের নৌকা জব্দ করা হয়েছে।
সোমবার (৬ জুলাই) দিবাগত রাত ১২টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কাপ্তাই লেকের বিলাইছড়ি উপজেলার গাছকাটা ছড়া, হাজাছড়া এবং রাঙামাটি সদর উপজেলার গবঘোনা ও বাঘছড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন বিএফডিসি কাপ্তাই উপশাখার উপব্যবস্থাপক মো. জসিম উদ্দিন।
তিনি জানান, চলতি বছরের ২৪ এপ্রিল মধ্যরাত থেকে কাপ্তাই লেকে তিন মাসের জন্য সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ রয়েছে। কিন্তু এ নিষেধাজ্ঞা অমান্য করে কিছু অসাধু চক্র অবৈধভাবে মাছ শিকার করে আসছিল।
এ অবস্থায় সোমবার দিবাগত রাত ১২টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কাপ্তাই লেকের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১০ হাজার বর্গফুট কারেন্ট জাল, ১০ হাজার বর্গফুট সুতার জাল এবং চারটি কাঠের নৌকা জব্দ করা হয়।
বিএফডিসি জানায়, কাপ্তাই লেকের মৎস্যসম্পদ সংরক্ষণ এবং প্রজনন মৌসুমে মাছের নিরাপদ বংশবিস্তার নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
চাটগাঁ নিউজ/ঝুলন/এমকেএন





