চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানার জেল রোড এলাকায় নিষিদ্ধ পলিথিন বিক্রি, বিক্রির জন্য প্রদর্শন ও মজুতের অভিযোগে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।
আজ রবিবার (৫ জুলাই) দুপুরে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে দুটি দোকানকে মোট ৩ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে প্রায় ২৬৫ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলমগীর হোসেন এবং মো. আল মামুন। অভিযানে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের সিনিয়র কেমিস্ট রুবাইয়াত তাহরীম সৌরভ, সিনিয়র টেকনিশিয়ান মো. ওমর ফারুক, পরিদর্শক রুম্পা শিকদার এবং পুলিশের একটি দল অংশ নেয়।
অভিযানে ‘খাজা পলি মার্ট’ ও ‘বাগদাদ পলি স্টোর’ নামের দুটি দোকানে নিষিদ্ধ পলিথিন বিক্রি, বিক্রির জন্য প্রদর্শন ও মজুতের প্রমাণ পাওয়ায় জরিমানা করা হয়।
পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের সিনিয়র কেমিস্ট রুবাইয়াত তাহরীম সৌরভ বলেন, অবৈধভাবে পলিথিন বিক্রি প্রতিরোধে জেল রোড এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। অভিযানে দুই দোকান থেকে প্রায় ২৬৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয় এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে জরিমানা করা হয়েছে।
তিনি আরও বলেন, অভিযানের সময় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে নিষিদ্ধ পলিথিন ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে। পরিবেশ সুরক্ষায় নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
চাটগাঁ নিউজ/জেএইচ






