খাগড়াছড়ি সরকারি কলেজের জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, আটক ১

চাটগাঁ নিউজ ডেস্ক: খাগড়াছড়ি সরকারি কলেজে জুলাই গণ-আন্দোলনের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তদের অগ্নিসংযোগের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে বৃষ্টিপাত এবং স্মৃতিস্তম্ভটি লোহার কাঠামোর হওয়ায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসে এবং বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

পুলিশ জানায়, শুক্রবার (৩ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, মুখে মাস্ক পরা এক ব্যক্তি স্মৃতিস্তম্ভের চারপাশে দাহ্য পদার্থ ছিটিয়ে আগুন ধরিয়ে দেন। ঘটনাস্থল থেকে একটি প্লাস্টিকের বোতলও উদ্ধার করেছে পুলিশ। তবে ভিডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

খাগড়াছড়ি সরকারি কলেজের নৈশপ্রহরী সেনময় ত্রিপুরা জানান, ঘটনার কিছুক্ষণ আগে দুই যুবক সাংগঠনিক কাজের কথা বলে কলেজে প্রবেশ করেন। পরে তিনি স্মৃতিস্তম্ভে আগুন জ্বলতে দেখতে পান।

এ ঘটনায় শনিবার (৪ জুলাই) ভোররাতে খাগড়াছড়ি সদর উপজেলার সবুজবাগ এলাকা থেকে মো. রনি নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, তিনি কার্যক্রম নিষিদ্ধ জেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু বলেন, ঘটনার সময় বৃষ্টি হচ্ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারেন। ইতোমধ্যে একজনকে আটক করা হয়েছে এবং পুলিশ বাদী হয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ঘটনার নিন্দা জানিয়ে ছাত্র প্রতিনিধি জাহিদ হাসান অভিযোগ করেন, কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের পলাতক নেতাকর্মীরাই এ ঘটনার সঙ্গে জড়িত। তবে এ অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

এদিকে, পুলিশের দাবি, আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকটি সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট থেকে অগ্নিসংযোগের ভিডিও ছড়িয়ে দেওয়া হয়েছে। তবে এ দাবিরও স্বাধীনভাবে যাচাই সম্ভব হয়নি।

পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করা এবং অগ্নিসংযোগের উদ্দেশ্য উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top